১৩ মে, ২০২১ ১১:০২ পিএম

চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন: প্রধানমন্ত্রী

চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন: প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

মেডিভয়েস রিপোর্ট: জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে যাওয়ায় চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেছেন, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ কয়েকটি পেশার কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আবার আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনীর সদস্যগণ এবং কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ লকডাউন বা চলাচলের বিধিনিষেধ বলবৎ করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সংবাদকর্মীগণ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে সংবাদ পরিবেশনের কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার জাতির প্রদত্ত উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাঁর সরকার যেমন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে, তেমনি আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগও নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে তাঁর সরকার চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও করোনাভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছে।

তিনি বলেন, গত মাসে মহাখালী ডিএনসিসি মার্কেটে ২ হাজার শয্যার কোভিড-১৯ হাসপাতাল স্থাপন করা হয়েছে। গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ১৬৬ জন ডাক্তার, ৫ হাজার ৫৪ জন নার্স এবং প্রায় সাড়ে ৪ হাজার অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলোসহ দেশের ১৩০টি সরকারি হাসপাতালে কেন্দ্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বাইরে গেলে মাস্ক পরিধানের ওপর পুনরায় গুরুত্বারোপ করে বলেন, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার অত্যন্ত ফলপ্রসু বলে প্রমাণিত হয়েছে। কাজেই বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। পাশাপাশি, যথাসম্ভব ঘনঘন সাবানপানি দিয়ে হাত ধুইয়ে নিন অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সেই সাথে সাথে আপনারা নিজেরা গরম পানির ভাপ নিতে পারেন।

প্রধানমন্ত্রী এ সময় করোনা টিকার প্রসঙ্গে বলেন, সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা’র টিকা দিয়েই গণটিকাকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করায় সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায়, বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে রাশিয়া এবং চিনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা ইতোমধ্যেই এসেছে। টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছেও অনুরোধ জানানো হয়েছে। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাওয়া যাবে। বিভিন্ন উৎস থেকে ১ কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নেয় হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশে টিকা আসতে শুরু করবে। তাছাড়া, দেশেই টিকা উৎপাদন করতে ব্যবস্থা নেয়া হয়েছে। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। তিনি বলেন, ‘আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসবো, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এই ভাইরাস বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলেছে। সংক্রমণ এড়াতে লক-ডাউন বা সাধারণ ছুটি বলবৎ করতে হয়েছে।
তিনি বলেন, আমরা গত বছর একটানা দুই মাসেরও বেশি সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত মাসের ৫ তারিখ থেকে পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করা হয়েছে। এরফলে অগণিত মানুষের রুটি-রুজির উপর আঘাত এসেছে। কিন্তু এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোন উপায় ছিল না। কারণ, আমাদের স্মরণ রাখতে হবে, প্রতিটি দেশেরই স্বাস্থ্য অবকাঠামোর একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। হঠাৎ করে দ্রুতগতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন, উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না।

বলেন, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ/’- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

ঈদের দিন আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলিয়ে যাওয়ার মধ্যেই ঈদের আনন্দ।

তিনি বলেন,আজকের দিনে আমরা হিংসা-বিদ্বেষ, ঘৃণা, লোভ, অহমিকা, ক্রোধ, অহঙ্কার ইত্যাদি যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেদের মুক্ত করে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নেবো।

সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আবারো কাজী নজরুল ইসলামের কয়েকটি পংক্তি উদ্ধৃত করে শেখ হাসিনা তার বক্তব্য শেষ করেন।
‘পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ মোবারক! আসসালাম!/ঈদ মোবারক।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক