ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু মোকাবেলায় মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা বা লম্বা লুঙ্গি পরতে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
একই সঙ্গে ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকারের নির্ধারিত হারে নমুনা পরীক্ষা করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার ( ১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নোটিসের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিষয়ে তিনি বলেন, মানুষকে ‘ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য’ উদ্বুদ্ধ করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের ডেকে পরীক্ষার খরচের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে। হাসপাতাল মালিকরাও তা মানতে সম্মতি দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু দেখা দিলে ১০ শতাংশ বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে এবং যেই রেটে সরকার এন্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে। এর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন।’
নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা জানতে চান। এ ছাড়া হাসপাতালগুলোতে শয্যা, নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ), পরীক্ষা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক-নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এক লাখ ছয় হাজার ৬০০ আরডিটি কিট মজুদ রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুদে যুক্ত হবে বলে জানান তিনি।
ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও মজুদ রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও স্যালাইন সরবরাহের সক্ষমতা সরকারের রয়েছে। রোগীর চাপ বাড়লে ব্যবহারের জন্য ‘মোবাইল হাসপাতাল’ এবং সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
এইউ/