২৮ মার্চ, ২০২১ ১২:০৫ এএম

করোনায় ডা. এম এ হান্নানের মৃত্যু

করোনায় ডা. এম এ হান্নানের মৃত্যু
ডা. এম এ হান্নান

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হান্নান হিল্লোল আর নেই।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এ দিন দুপুরের পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন ডা. এম এ হান্নান। রাতে স্বজন-শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রামেক হাসপাতালের জনপ্রিয় এ সার্জন।

এর আগে তিনি রামেকে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. এম এ হান্নান হিল্লোল ছিলেন রামেক ৩১তম ব্যাচের শিক্ষার্থী। 

সামাজিক মাধ্যমে শোকের ছায়া

ডা. এম এ হান্নানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় এ চিকিৎসকের বিদায়ে তার ছাত্র, সহকর্মী-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে দিয়েছেন বেদনামিশ্রিত পোস্ট।

রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. আতিক হাসান রতন লেখেন, ‘মেনে নিতে পারছি না আপনি আর নেই। মাথার উপর ছাদের মত যে মানুষটির কাছে গেলে হাসিমুখে জীবনের সকল সমস্যার সমাধান পেতাম তিনি হান্নান হিল্লোল স্যার। অসম্ভব ভালো একজন ডাক্তার এবং সাদা মনের একজন মানুষ ছিলেন। আপনি না সেদিনও বললেন, চারঘাটে তোমার বাসায় একদিন আড্ডা দিবো। বিশ্বাস হচ্ছে না আপনাকে আর পাবো না রাজশাহী গেলে! আর দেখবো না আপনার হাসিমাখা মুখ!’

প্রিয় শিক্ষকের বিদায়ে শোক জানিয়ে রামেক ৫৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. মুস্তাফিজুর রহমান নিজের টাইলাইনে লেখেন, ‘স্যার, আমার ফিশারের অপারেশন আপনি করছিলেন কয়েকটা দিন আগে। কত যত্ন নিয়ে করেছিলেন, তা আমি সারাজীবন ভুলতে পারব না। আমি ভাবছিলাম, আমার বিসিএস পরীক্ষার পর আপনার চেম্বারে মিষ্টি নিয়ে যাবো। আপনি চলে গেলেন। ক্যাম্পাস থেকে চলে যাওয়ার ঠিক আগে এত বড় শোক নিতে পারবো না স্যার, আমরা ৫৬তম ব্যাচ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, ট্রেইনিং পিরিয়ডে আপনার তত্ত্বাবধানে থেকে। করোনা মহামারীর এক নির্ভীক সৈনিক ছিলেন আপনি। করোনাতেই আপনি চলে গেলেন। শুধু বলবো, উত্তরবঙ্গ এক লিজেন্ডারি সার্জন হারালো।’

ডা. এম এ হান্নানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক