করোনায় একাত্তরের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রথম নারীশিল্পী নমিতা ঘোষ। শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে মারা যান এই কিংবদন্তি শিল্পী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুর খবর নিশ্চিত করে তার বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, দীর্ঘ দিন ধরেই ক্যান্সারে ভোগ ছিলেন। সেই সঙ্গে তার চোখের সমস্যাও ছিল। তার চিকিৎসার জন্য গত বছরের জুলাই মাসে ২১ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যান্সার থেকে খানিকটা সেরে উঠেছিলেন নমিতা ঘোষ। এর পর থেকে নিয়মিত হতে চেয়েছিলেন গানে। সবশেষ ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন।
কিন্তু দুই দিনের ব্যবধানে ১৪ মার্চ থেকে জ্বর ও কাশি নিয়ে দুই হাসপাতাল ঘোরার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর ১৬ মার্চ থেকে পপুলার হাসপাতালের এইচডিওতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাতে মারা যান বাংলাদেশের এই কিংবদন্তি শিল্পী।
মৃত্যুর পর নমিতা ঘোষের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
নমিতা ঘোষ মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে শিল্পী হিসেবে যোগ দেন। নমিতার মা জসোদা ঘোষও সে সময় রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে ২৭ মার্চ বুড়িগঙ্গা পেরিয়ে কেরাণীগঞ্জ হয়ে কুমিল্লা দিয়ে আখাউড়া সীমান্ত পার হন তারা। নরসিঙ্গরে শিল্পী আব্দুল জব্বার ও আপেল মাহমুদের সঙ্গে দেখা হয় নমিতার। তখন সেখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান গেয়ে অনুপ্রেরণা দেওয়ার পরিকল্পনা চলছিল।
আগরতলায় থাকতেই মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রের কাজে যুক্ত হন নমিতা। পরে সেই প্রামাণ্যচিত্র যুদ্ধের সময় ভারতের বিভিন্ন সিনেমা হলে দেখানো হয়।
মে মাসে মায়ের সঙ্গে আগরতলা থেকে বিমানে করে কলকাতায় পৌঁছান নমিতা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল হক বাদশার উৎসাহে যোগ দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে।
-
০৪ অগাস্ট, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ জানুয়ারী, ২০২২
-
২১ জানুয়ারী, ২০২২
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১