নার্সদের মধ্যে বদলির আতঙ্ক ছড়ানোর অভিযোগ নার্সিং অধিদপ্তরের
মেডিভয়েস রিপোর্ট: করোনার সময়ে হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যাহত করার জন্য সোশ্যাল মিডিয়ায় নার্সদের মধ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের।
বৃহস্পতিবার (২৫ মার্চ) অধিদপ্তরের প্রশাসন ও শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, একটি কুচক্রী ও স্বার্থন্বেষী মহল করোনা সংকটকালীন সময়ে হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যাহত করে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নার্সদের মধ্যে ‘নার্সিং পেশাজীবীদের বদলি আতঙ্কে দিন কাটাতে হচ্ছে কর্মস্থলে’ মর্মে অহেতুক বদলি আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নার্সরা নিরবিচ্ছিন্ন সেবা অব্যাহত রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে জরুরি চাহিদা পূরণের জন্য ও শূন্যপদ পূরণের জন্য কেবল নার্স বদলি ও সংযুক্তিতে পদায়ন করা হচ্ছে। করোনা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত হাসপাতালের চাহিদার ভিত্তিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসব বিষয়ে বিভ্রান্ত না হয়ে যারা এ ধরনের অপপ্রচার বা গুজবের সাথে জড়িতদের বিরুদ্ধে নিকটবর্তী আইনশৃঙ্খলা বাহিনী বা ডিজিএনএম বরাবর সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দাখিলের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।