সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডা. ইমরানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সিলেট রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. আল মাহমুদ সাদ ইমরান খান মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভয়াবহ ওই দুর্ঘটনায় অন্তত ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় পুলিশ মোট ১১ জনের লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা হলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহনের চালক মঞ্জু, সুপারভাইজার সালমান ও স্টাফ জাহাঙ্গীর। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ডা. ইমরান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের জেএমসি-১২ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
তাঁর পিতা অধ্যাপক ডা. আমজাদ হোসেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান। দুর্ঘটনায় গুরুতর আহত ইমরানের স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
ডা. আল মাহমুদ সাদ ইমরান খানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬