০৪ ফেব্রুয়ারী, ২০২১ ০১:৪১ পিএম

স্বাস্থ্যে বাজেট দ্বিগুণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যে বাজেট দ্বিগুণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: শাফিন

মেডিভয়েস রিপোর্ট: অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্যের বাজেট দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বে মোট মৃত্যুবরণ করা মানুষের মধ্যে শতকরা ৬০ ভাগ মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে।  এর মধ্যে ক্যানসারে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের চিত্রও তাই।  এ অবস্থায় সব বিভাগে স্বতন্ত্র ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।  অষ্টম পঞ্চবার্ষিকীতে স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করবে সরকার।’

প্রতিবছর দেশে প্রায় দেড় লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসব রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার দেশের আটটি বিভাগীয় শহরে বৃহৎ ক্যানসার হাসপাতাল নির্মাণ কাজ হাতে নিয়েছে। এই কাজ সম্পন্ন হলে মানুষকে আর ঢাকা বা দেশের বাইরে এমনকি নিজ এলাকার বাইরে গিয়ে ক্যান্সারের চিকিৎসা নিতে হবে না।’

এ সময় তামাকজাত দ্রব্য, খাদ্যে ভেজাল মেশানো ও শারীরিক ব্যায়াম না করার ফলে মানুষের দেহে ক্যানসার রোগটি বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জাহিদ মালেক।

করোনার ভ্যাকসিন নিয়ে দেশে-বিদেশে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, সব জেলায় করোনার ভ্যাকসিন পৌঁছে গেছে। এরই মধ্যে দেড় লাখ মানুষ নিবন্ধন করেছেন। দেশের মানুষ এসবে বিভ্রান্ত হবে না।

করোনা থেকে মুক্তি পেতে সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তেরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক