যশোরে চিকিৎসকের উপর হামলার ঘটনায় আটক স্বাস্থ্যকর্মীকে বহিষ্কার
মেডিভয়েস রিপোর্ট: যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রা রাণী দেবনাথের উপর হামলার ঘটনায় আটক একই উপজেলার রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের এসএসিএমও মো. আবু তৌহিদকে সাময়িক বহিষ্কার করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রাণী দেবনাথের উপর হামলা ও তাঁকে জখম করা ঘটনায় আটক একই উপজেলার রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের এসএসিএমও মো. আবু তৌহিদকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় যশোর সিভিল সার্জনের কার্যালয়ের গত তিন জানুয়ারি অধিদপ্তরকে অবহিত করেছে।
এ অবস্থায় আবু তৌহিদকে বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধির (নোট-১) ধারা মোতাবেক থানা পুলিশ কর্তৃক ফৌজদারী মামলায় গ্রেপ্তারের তারিখ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এ সময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরে আদেশে বলা হয়, গত তিন জানুয়ারি সকাল ৯টা ৪৫ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রাণী দেবনাথ যশোর স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের অভ্যন্তরে বাগানের কাজকর্ম তদারকি করছিলেন। এমন সময় মনিরামপুরের রাজগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের এসএসিএমও মো. আবু তৌহিদ তার কর্মস্থলে দায়িত্ব পালন না করে কোন অনুমতি ছাড়াই হাসপাতালে আসেন।
কর্মস্থলে দায়িত্ব পালন না করে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার কারণ জানতে চাইলে এসএসিএমও তৌহিদ বলেন, তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন না, তাতে স্বাস্থ্য কর্মকর্তার যা মনে হয় তাই করতে পারেন। জবাবে অপারগতার কারণ জানতে চাইলে অভিযুক্ত ডা. শুভ্রাকে গালিগালাজ ও কিল-ঘুষি মারেন। এক পর্যায়ে তার হাতে থাকা লোহার তালা দিয়ে আঘাত করেন। তখন আশপাশের লোকজন ওই কর্মকর্তাকে উদ্ধার করে।
পরে তিন জানুয়ারি ডা. শুভ্রা রানী দেবনাথ এই ঘটনার সময় উপস্থিত স্বাক্ষীদের সাথে নিয়ে মনিরামপুর থানা যশোরে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৩/০৩ এর অনুযায়ী সেদিনই পুলিশ মো. আবু তৌহিদকে গ্রেপ্তার করে।
বরখাস্তের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন আছে জানিয়ে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য), যশোরের সিভিল সার্জন, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
২৬ অগাস্ট, ২০২৪
-
১১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
১৪ মার্চ, ২০২২
-
১৯ অগাস্ট, ২০২১
-
১১ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
২৭ জুলাই, ২০২১