০২ জানুয়ারী, ২০২১ ০৩:১৬ পিএম

৩৯তম বিসিএস: ২ হাজার চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

৩৯তম বিসিএস: ২ হাজার চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: ৩৯তম বিসিএসের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা দুই হাজার সহকারী সার্জন পদে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এ সূচি প্রকাশিত হয়।

সূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ স্বাস্থ্য পরীক্ষা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে আটটায় শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।

স্বাস্থ্য পরীক্ষা হবে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।

প্রসঙ্গত, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ২০১৮ সালের ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী এ বিশেষ বিসিএসে আবেদন করেন। 

পরে ওই বছরের ৩ আগস্ট এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই বিশেষ বিসিএস পরীক্ষায় ৩৭ হাজার ৫৮৩ চাকরি প্রত্যাশী অংশ নেন। 

পরে ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও সহকারী ডেন্টাল সার্জন পদে পাস করেন ৫৩১ জন চিকিৎসক।

চূড়ান্ত ফলাফলে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন আর ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন।

উত্তীর্ণ বাকি ৮ হাজার ৩৬০ জন চিকিৎসককে নন-ক্যাডার হিসেবে রাখা হয়। গেল বছরের শুরুতে করোনা প্রকোপ দেখা দিলে ওই তালিকা থেকে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে একই তালিকা থেকে এই চিকিৎসকদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 

►তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৩৯তম বিসিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত