এফসিপিএস পার্ট ওয়ানের মার্কিং সিস্টেম প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ২০২১ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট ওয়ান মার্কিং সিস্টেম এবং নিয়মাবলী প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)। গত ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত নোটিস থেকে এ তথ্য জানা গেছে।
বিসিপিএস পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মুজিবুর রহমান স্বাক্ষরিত ওই নোটিস অনুযায়ী মার্কিং পদ্ধতি হবে নিম্নরূপ:
১. পরীক্ষায় কোনো মৌখিক বা প্র্যাক্টিকাল পদ্ধতি থাকবে না। পরীক্ষার্থীদের লিখিত (বহুনির্বাচনি বা এমসিকিউ/ সিংগেল বেস্ট আন্সার) পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।
২. প্রতিটি পেপারে পাস মার্ক হবে ৭০ শতাংশ নম্বর।
৩. ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
৪. তিন পেপারে মোট ৩০০ নম্বরের মধ্যে সর্বমোট কমপক্ষে ২১০ নম্বর পেতে হবে। কেউ যদি কোনো পেপারে ৭০ শতাংশের কম, কিন্তু ৬৫ শতাংশের বেশি নম্বর পান এবং অন্যান্যে পেপারে ৭০ শতাংশের বেশি এবং সর্বমোট ২১০ নম্বর পান, তাহলে তিনিও কৃতকার্য হবেন। কোনো পেপারে ৬৫ শতাংশের কম নম্বর পেলে তিনি সর্বমোট ২১০ নম্বর পেলেও কৃতকার্য বলে বিবেচিত হবেন না।
৫. পরীক্ষার নম্বর পদ্ধতি নিম্নরূপ:
বহুনির্বাচনি/সত্য-মিথ্যা প্রশ্নের ধরন:
প্রশ্ন সংখ্যা-২৫, নম্বর-৫০
SBA (সিংগেল বেস্ট আন্সার):
প্রশ্ন সংখ্যা-২৫ নম্বর-৫০
প্রতিটি প্রশ্নে ৫টি করে স্টেম থাকবে।
৬. বহুনির্বাচনি প্রশ্নে প্রতিটি স্টেমের সঠিক উত্তরের জন্য ০.৪ নম্বর এবং সিংগেল বেস্ট অ্যান্সার প্রশ্নে সঠিক উত্তরের জন্য দুই নম্বর থাকবে।
৭. পরীক্ষার সময় প্রতিটি পেপারের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট।
৮. কোনো পরীক্ষার্থী কোনো পেপারে ২৫ শতাংশের কম নম্বর পেলে তিনি পরবর্তী সেশনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।