২৯ ডিসেম্বর, ২০২০ ০৯:৫৮ পিএম

দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক: স্বাস্থ্যমন্ত্রী

দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের যেকোন দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহামারী ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ২০তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ব্লুমবার্গের তথ্যমতে, মহামারী ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান ২০তম। এই অর্জন ছোট করে দেখার বিষয় না। যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪০তম, ইউরোপের বেশিরভাগ দেশই ওই পর্যায়ে। ভারত ও পাকিস্তানও অনেক পেছনে। সেখানে আমাদের ২০তম অবস্থান, যেখানে সবকিছুর স্বল্পতা রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান কিন্তু কম অর্জন না। আমি মনে করি এই অর্জনের পেছনে সরকার যেমন কাজ করেছে, প্রাইভেট সেক্টরও একইভাবে কাজ করেছে।’

করোনা পরিস্থিতির সংখ্যা ভিত্তিক তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, করোনায় সারা বিশ্বে ১৮ লাখ মানুষ মারা গেছেন। প্রায় আট কোটি লোক আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই হাজারের বেশি লোক মারা যাচ্ছেন। ইউরোপে প্রতিদিন পাঁচ থেকে সাতশো লোকের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় দেশের অবস্থা ভালো আছে।

দেশের করোনা পরিস্থিতি স্থিতিশীল জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, ‘নভেম্বর থেকে ডিসেম্বরে রোগীর সংখ্যা কমে এসেছে। মৃত্যু ২৫ থেকে ৩০ এর মধ্যে থাকছে। সংক্রমণের হারও যে খুব বেড়ে গেছে তা কিন্তু নয়। ওটা স্থিতিশীল আছে। মৃত্যুর সংখ্যাও স্ট্যাটিক আছে। আমরা চাই এটা না বাড়ুক। এতে আপনাদের সবার সহযোগিতা দরকার।’

এছাড়াও যারা দেরি করে চিকিৎসা নিতে এসেছে তাঁদের মৃত্যুর ঘটনা বেশি। বিশেষ করে বয়স্ক যারা ঘরে থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে তাদেরই শারীরিক অবস্থা খারাপ হয়েছে এবং মৃত্যুবরণকারীদের শতকরা ৮৫ ভাগের বয়সই  ৫০-৬০ বছরের ঊর্ধ্বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বছরের শুরুতেই দেশে ভ্যাকসিন আসবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ক্রয় চুক্তি করে আমরা ক্রয় আদেশও দিয়ে দিয়েছি। আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে ব্যাংক গ্যারান্টি চেয়েছি। সেই ব্যাংক গ্যারান্টির বিপরীতে এখান থেকে টাকা যাবে। আশা করি সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের মধ্যে বা ফেব্রুয়ারির প্রথম ভাগে ভ্যাকসিন চলে আসবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক