লকডাউন এড়াতে প্রয়োজন জনগণের সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনার সেকেন্ড ওয়েভের প্রভাবে দেশে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। তবে জনগণ সচেতন থাকলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে দেশে লকডাউন প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীতের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এটা ভালো লক্ষণ না। দেশে মানুষের মধ্যে করোনা নিয়ে উদাসীন ভাব রয়েছে, এটা বিপদজনক। এ অবস্থায় টিকা না আসা পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। সরকার পুনরায় লকডাউন দিতে ইচ্ছুক না। জনগনের সচেতনাই লকডাউন এড়াতে পারে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।
করোনায় দেশে মৃত্যুহার অনেক দেশের তুলনায় কম উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই দেশে করোনায় সুস্থতার হার ৮১ ভাগ। জনসংখ্যার ঘনত্বের তুলনায় দেশে মৃত্যুর হার অন্য যে কোন দেশের চাইতে কম। তবে দেশে একটি মৃত্যুও কাম্য নয়।
এছাড়াও করোনাকালে কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগণের পাশে দাঁড়ায় না। তাদের কাজই হলো সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা বলেও মন্তব্য করেছেন জাহিদ মালেক।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪