যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. শওকত, কেন্দ্রীয় কমিটিতে আরও ৫ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. খালেদ শওকত আলী। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন আরও ৫ জন চিকিৎসক। আজ শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা থেকে এমন তথ্য জানা গেছে।
নতুন কমিটিতে জায়গা করে নেওয়া অন্যান্য চিকিৎসক হলেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. ফরিদ রায়হান, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজুর রহমান উজ্জ্বল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. হেলাল উদ্দিন ও সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া রাফি।
যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৯৪ সালে এমবিবিএস পাস করেন। পরে তিনি ময়মনিসংহ মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি বর্তমানে আশিয়ান মেডিকেল কলেজে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। তবে শরীয়তপুরের নড়িয়ার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় তিনি হাসপাতাল তৈরি করেছেন।
ডা. হেলাল উদ্দিন ঢাকা ডেন্টাল কলেজ থেকে পাস করেন। তিনি ঢাকা ডেন্টালের ডি-৩৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত আছেন।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর গত বছরের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে যুবলীগের সভাপতি হন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদক করা হয় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলকে। ১৪ পদ খালি রেখে কংগ্রেসের প্রায় এক বছর পর আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।