যুক্তরাষ্ট্রে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দেশটিতে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৪৮ জন মানুষ।
জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সংক্রমণ শুরুর পর থেকে দ্রুততম সময়ে ১০ লাখ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে এ মাসে। সবশেষ ১৪ দিনেই সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৮০ থেকে ৯০ লাখে পৌঁছেছে। এ সময়ে আর মারা গেছেন ২ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ।
রয়টার্সের হিসাবে, ব্যাপক হারে করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে বেড়েছে ভর্তি রোগীর সংখ্যা। অক্টোবরে দেশটির হাসাপাতালগুলোতে করোনা রোগী ভর্তির হার বেড়েছে ৫০ শতাংশেরও বেশি।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের শেষমুহূর্তে এভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় দুই পক্ষের কাছেই প্রচারণার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাভাইরাসকে হেলাফেলা করেছেন। পরে নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংক্রমণ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসে তার সহকর্মীদের মধ্যেও।
দেশে করোনা মহামারি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে গত শুক্রবার ট্রাম্প বলেন, যত বেশি পরীক্ষা, তত বেশি আক্রান্ত। আমাদের পরীক্ষা সবার সেরা। মৃত্যু অনেক কম।
তবে নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তার প্রচারণায় করোনা ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার বেশিরভাগ সমাবেশই হচ্ছে ‘ড্রাইভ ইন’ পদ্ধতিতে, অর্থাৎ সমর্থকেরা গাড়িতে বসেই সমাবেশে অংশ নিচ্ছেন।
মহামারি প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের ঘাড়ে ব্যর্থতার দায় চাপিয়ে ডেমোক্র্যাট নেতা অভিযোগ করেন, সংক্রমণ প্রতিরোধে সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’