রাজধানীর ৪৫ ভাগ মানুষ করোনায় আক্রান্ত: আইইডিসিআর
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর প্রায় ৪৫ ভাগ মানুষ প্রাণঘাতী করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া বস্তি বাসির তিন চতুর্থাংশ মানুষ ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে আইইডিসিআর ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশর (আইসিডিডিআরবি) যৌথ গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএ আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পরিচালিত গবেষণার ফলে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি পরীক্ষায় দেখা গেছে রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে তাদের কারোরই দেহেই করোনার উপসর্গ ছিলো না। এদের শতকরা ২৪ ভাগের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ঢাকা শহরের বস্তির প্রায় তিন চতুর্থাংশ মানুষ এরইমধ্যে সংক্রমিত হয়েছেন বলেও গবেষণায় দাবি করা হয়।
গবেষণার বিস্তারিত বিবরণে বলা হয়, এই গবেষণার জন্য ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে ২৫টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা বাছাই করা হয়। প্রতি মহল্লা থেকে ১২০টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া ৮টি বস্তিকে এ জরিপে যুক্ত করা হয়। ঢাকা শহরের সাধারণ খানার নমুনা সংগ্রহ করা হয় মধ্য এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত। আর বস্তির মানুষের নমুনা সংগ্রহ করা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত।
অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করে আইইডিডিআর ও আইসিডিডিআরবির গবেষক ও বিজ্ঞানীরা জানান, দেশে করেনার সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যাপারে এসব তথ্য গুরুত্বপূর্ণ কাজে লাগবে। বিশেষত মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সভাপতিত্বে আইইডিসিআর ও আইসিডিডিআরবির কর্তব্যক্তি ও গবেষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক অংশগ্রহণ করেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪