০৭ অক্টোবর, ২০২০ ০৪:২৩ পিএম

এইচএসসিতে সবাই পাস, জেএসসি-এসএসসির ভিত্তিতে ডিসেম্বরে ফল প্রকাশ

এইচএসসিতে সবাই পাস, জেএসসি-এসএসসির ভিত্তিতে ডিসেম্বরে ফল প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন স্থগিত থাকার পর বাতিল করা হয়েছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে তার গড় অনুযায়ী আগামী ডিসেম্বরেই ফলাফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে সবাইকে পাস দেওয়া হবে।

আজ বুধবার (৭ সেপ্টম্বর) করোনা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আয়োজিত এক অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছে আমরা মতামত ও পরামর্শ নিয়েছি। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্বের অনেক দেশের পরিস্থিতি দেখে আমরা ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সরাসরি পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থীদের জেএসসি-জেডিসি এবং এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে গ্রেড নম্বর নির্ধারণ করা হবে।’

গ্রেড নির্ণয়ের পদ্ধতির বিষয়ে মন্ত্রী বলেন, কী পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরামর্শের জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। এর ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়াও অনেকেই একাদশে বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান থেকে মানবিক বা অন্য বিভাগ পরিবর্তন করেছে। এ অব্স্থায় ফলাফল নির্ধারণের পদ্ধতি নির্ধারণেও আলাদা করে বিশেষজ্ঞ কমিটি কাজ করবে বলেও জানিয়েছেন ডা. দীপু মনি।

আগে ফেল করা শিক্ষার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করে তাদের গ্রেড নম্বর দেয়া হবে। তবে কীভাবে তা দেয়া হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

এ পদ্ধতিতে ফলাফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির সঠিক মূল্যায়ন হবে কী না জানাতে চাইলে তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে এসব ভেবে লাভ নেই। সারাবিশ্বে এখন বেঁচে থাকার লড়াই চলছে, এর মধ্যে পরীক্ষা নিয়ে সরকার কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। এসব বিষয় বিবেচনা করে সরকার আগের ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে তা মেনে নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে মন্ত্রী বলেন, এ সংকট বাংলাদেশের একার নয়। সারাবিশ্বেই এ সংকটকালে এ ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। তাই ফল প্রকাশের পর দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হবে না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কী পদ্ধতিতে ভর্তি করা হবে সেই বিষয়েও টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ডা. দীপু মনি।

পরীক্ষায় পাসের বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এ পরীক্ষায় সবাই পাস করবে। তবে ফলটা কী হবে সেটা নির্ভর করছে তার জেএসসি ও এসএসসির পরীক্ষার ফলাফলের ওপর। আর তা নির্ধারণ হবে এ সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।

অনলাইন ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

  ঘটনা প্রবাহ : এইচএসসি পরীক্ষা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক