চিকিৎসার মানোন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বাস্থ্য সচিব
মেডিভয়েস রিপোর্ট: সরকার সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে চেষ্টা করছে জানিয়ে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মানোন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য সচিব বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করায় দেশে এই মহামারীতে প্রাণহানি কম হয়েছে।
করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের ব্যাপারে চীনের সঙ্গে চুক্তি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শিগগিরই ভ্যাকসিন দেশে পৌঁছলে করোনা থেকে দেশের মানুষ মুক্তি পাবেন।
এসময় স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ব্রেগিডিয়ার সারোয়ার মোরশেদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডক্টরস ক্লাব অব ভৈরবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু এবং কাউন্সিলর মোমেন হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বাস্থ্য সচিব ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের খোঁজ-খবর নেন এবং রোগীদের সেবার মান বৃদ্ধি করতে চিকিৎসকদের নির্দেশ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তারের শূন্য পদ অচিরেই পূরণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সেন্টু ভৈরবের ট্রমা সেন্টারকে হার্ট ফাউন্ডেশনে রূপান্তরিত করার দাবি জানালে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য সচিব।