এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না। নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠানো হয়। আজ প্রধানমন্ত্রীর সম্মতিপত্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। তাতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, এ বছর কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা নেওয়া না হলেও শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। পরীক্ষা না হওয়ায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের এ বছর বৃত্তিও প্রদান করা হবে না। তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাস পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানিয়েছেন মো. জাকির হোসেন ।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানান, করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেনীর পরীক্ষা বাতিলে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। এ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিত্তিতে প্রস্তাবনার একটি সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি আরও বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে সিলেবাস সংক্ষিপ্ত করে প্রস্তাব দিতে বলা হয়। তারা সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বিদ্যালয় খোলা হলে কতটুকু পড়ানো হবে সে বিষয়ে প্রস্তাব পাঠিয়ে। যেহেতু সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভবনা দেখা যাচ্ছে না, তাই মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে একটি ভার্চুয়াল সভা করে পরবর্তী দুটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
এছাড়াও আগামী বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এ বছরের নভেম্বরে প্রথমিক সমাপনী ও অষ্টম শ্রেনী সমাপনী পরীক্ষা (জেএসসি ও জেডিসি) পরীক্ষা হওয়ার কথা ছিলো। তবে দেশে করোনা পরিস্থিতির উন্নতি ও স্কুল কলেজ খোলে দেওয়া সম্ভব না হওয়ার এ বছরের পরীক্ষাগুলো বাতিলের দাবি উঠে।