রিজেন্ট কাণ্ড: ২৮ দিনের রিমান্ডে সাহেদ-মাসুদ
মেডিভয়েস রিপোর্ট: করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণাসহ নানা অনিয়মে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম এবং হাসপাতাল শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে আরো ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৬ জুলাই) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বলেন, ‘উত্তরা পশ্চিম থানার পৃথক তিন মামলায় এবং উত্তরা পূর্ব থানার এক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত সংস্থা-র্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় সাত দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার এই চার মামলায় ৪০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী রোববার প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এসময় সাহেদের আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
এর আগে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু জানান, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার ওই চার মামলার প্রতিটিতে সাহেদ ও মাসুদকে ১০ দিন করে রিমান্ডে চাওয়া হয়েছে। তবে নতুন চার মামলার রিমান্ড শুনানি কোন আদালতে হবে, তা এখনও নির্ধারতি হয়নি বলে আবদুল্লাহ আবু জানান।
প্রসঙ্গত, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তভার পরে ডিবি কাছে হস্তান্তর করা হয়।