করোনায় আক্রান্ত বন্দর ইউএনও শুক্লা সরকার
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার শুক্লা সরকার। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ওয়াহিদা জাফর সরকার শুক্লা নামের ব্যক্তিগত আইডি থেকে তিনি লিখেন, ‘মাত্র বার্তা আসলো আমি করোনা পজিটিভ।’
জানতে চাইলে আজ সোমবার (২০ জুলাই) দুপুরে বন্দর ইউএনও ওয়াহিদা জাফর শুক্লা সরকার বলেন, ‘হালকা কাশি অনুভব করার পর শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করি। রোববার আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যেহেতু মাঠে কাজ করেছি, তাই এর আগে আরও ৩ বার নমুনা পরীক্ষা করিয়েছি। তখন নেগেটিভ এসেছিল। কিন্তু এবার হালকা কাশি অনুভব করায় পরীক্ষা করালে পজিটিভ এসেছে।’
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। এর ধারাবাহিকতায় গত ১৮ মার্চ বন্দর উপজেলায় দেশের প্রথম করোনা রোগী মারা যায়। ইউএনও শুক্লা সরকারের বলিষ্ট নেতৃত্বে উপজেলায় করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসে। এর পর থেকে এ মহামারিতে দীর্ঘ প্রায় ৪ মাস মাঠে-ময়দানে কাজ করে সবমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এর মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হলেন শুক্লা সরকার।
দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ সাত হাজার ৪৫৩ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছেন এক লাখ ১৩ হাজার ৫৫৮ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৬ হাজার। সুস্থ হয়েছেন ৮১ লাখ ৩৪ হাজার ৭৪৭ জন।