মেডিকেল প্রশ্নফাঁসের ঘটনায় সিআইডির মামলা
মেডিভয়েস ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও এর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ২০১৫ সালের অন্যতম আলোচিত ঘটনা। ওই ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর প্রশ্নফাঁস চক্রের মূলহোতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দীর্ঘ তিন বছরের অনুসন্ধানের পর পুরো চক্র চিহ্নিত হওয়ায় আজ সোমবার (২০ জুলাই) এ মামলা দায়ের করেছে তারা।
২০১৫ সালের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ও পরীক্ষা বাতিলের দাবি উঠে। তবে তখন এ সংক্রান্ত কোনো প্রমাণ না থাকায় তা বাতিল ও কোনো মামলা করা হয়নি।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল ও সিআইডির যৌথ অনুসন্ধানে এর মূলহোতাদের সন্ধানসহ ওই ঘটনার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। আর এর জেরেই মামলাটি দায়ের করা হয়।
অনুসন্ধানে প্রশ্নফাঁসের ঘটনায় মিরপুরের ব্যবসায়ী জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর নাম উঠে আসে। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার মূলহোতাসহ আরও ৩ জনকে আটক করে সিআইডি। আটককৃতরা জানিয়েছেন কিভাবে, কখন এবং কত টাকার বিনিময়ে সেই ঘটনা ঘটেছিল। আর কে ছিল এসব ঘটনার মূলহোতা।
প্রসঙ্গত, ২০১৫ সালের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠে। এ ঘটনায় ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে রাজপথে নেমে আসে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আন্দোলনের ব্যাপকতা রাজধানী ঢাকা থেকে সারাদেশে ছড়িয়ে পরে। তবে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় ওই সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি।