ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার (১৯ জুন) তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, ‘অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ।’
তিনি আরও বলেন, ‘মানসিকভাবে ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছি।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা হোসেন পুতুলকে খন্দকার মোশারফের ছেলে মাসরুর হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন।
বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতাকে নিয়ে এ পর্যন্ত ১৩ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ মোহাম্মদ নাসিম গত ১৩ জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান।
আক্রান্ত অন্য সদস্য হলেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি।
এছাড়া টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ১,৩৮৮ জন। সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ১ হাজার ৪৪৪ জন। মৃতের সংখ্যা চার লাখ ৫৪ হাজার ২৩০ জন। সুস্থ হয়েছেন ৪১ লাখ ৬৯ হাজার ৪৮৬ জন।
-
১৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২৭ অক্টোবর, ২০২০
-
২৭ অক্টোবর, ২০২০
-
১৪ অক্টোবর, ২০২০
-
৩০ সেপ্টেম্বর, ২০২০
-
১৯ জুন, ২০২০
-
৩১ মে, ২০২০
-
০৮ মে, ২০২০