১৭ জুন, ২০২০ ১২:৪১ পিএম

করোনাভাইরাসে প্লাস্টিক সার্জন ডা. আশরাফুজ্জামানের মৃত্যু

করোনাভাইরাসে প্লাস্টিক সার্জন ডা. আশরাফুজ্জামানের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অন্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।

সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী শোক প্রকাশ করে বলেন,  অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সাবেক বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক, বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি, মুগদা মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মো. আশরাফুজ্জামান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা এফডিএসআর পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) রাতে শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসকসহ অসংখ্য চিকিৎসকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আশরাফুজ্জামানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট শুরুর প্রথম দিকে যে কয়েকজন চিকিৎসক অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন আশরাফুজ্জামান ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ প্লাস্টিক সার্জনকে হারালো।

ডা. আশরাফুজ্জামান রংপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। বিশিষ্ট এই প্লাস্টিক সার্জনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক