এখনও আগের মতোই শক্তিশালী করোনা, হু’র সতর্কবার্তা
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের এখনও শক্তিক্ষয় হয়নি। বরং এখনও আগের মতোই শক্তিশালী ও বিপজ্জনক রয়ে গেছে। বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি ইটালির এক প্রথম সারির চিকিৎসকের ‘শক্তি কমেছে করোনাভাইরাসের’ এমন এক দাবির প্রেক্ষিতে এ সতর্কর্তা জারি করেছে হু।
সোমবার (১ জুন) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির জরুরি বিভাগের কর্তা মাইকেল রায়ান এ তথ্য জানিয়েছেন।
মাইকেল রায়ান বলেন, ‘আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটা একটা মারক ভাইরাস। ভাইরাসটি হঠাৎ স্বেচ্ছায় শক্তিক্ষয় করে আগের তুলনায় দুর্বল হয়ে গেল। এবং আগের থেকে কম মারাত্মক হয়ে গেল, এই ধরনের চিন্তাভাবনা একেবারেই ঠিক নয়।’
তিনি আরো বলেন, গোটা বিশ্বে তো বটেই ইটালিতেও করোনা ভাইরাস আগের মতোই বিপজ্জনক। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
সম্প্রতি ইটালির এক প্রথম সারির চিকিৎসক দাবি করেন, সে দেশে আর করোনা ভাইরাসের মারক প্রভাব নেই। ভাইরাসটির মারণ ক্ষমতা এখন আগের তুলনায় অনেকটা কম। তাছাড়া আগের তুলনায় পরিমাণেও কম মিলছে রোগীদের নমুনায়।
ওই চিকিৎসকের কথায়, ‘যদি সেভাবে বলতে হয়, তাহলে ইটালিতে এই ভাইরাসের আর অস্তিত্ব নেই। শেষ দশদিন যে লালারসের নমুনা আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে দু’মাস আগের তুলনায় ভাইরাসটির পরিমাণ নেহাতই নগণ্য।’
প্রসঙ্গত, হু আগেই জানিয়েছিল, লকডাউন তুলতে হলে প্রয়োজন ‘চূড়ান্ত নজরদারি’। বিধিনিষেধ শিথিল হওয়ার পর সাবধানতা অবলম্বন না করলে ফের দ্রুত গতিতে ছড়াতে পারে করোনা ভাইরাস। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে, ইটালিসহ গোটা ইউরোপেই আগের তুলনায় করোনার প্রভাব খানিকটা কম। এবং সেকারণেই গোটা ইউরোপ ধীরে ধীরে লকডাউন তুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। বেশ কিছু দেশে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪