রাজধানীতে এও স্পাইন অ্যাডভান্স সেমিনার
দেশেই হচ্ছে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার, তৃণমূলে আধুনিক চিকিৎসা সহজলভ্য করার আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: মেরুদণ্ডের জটিল রোগের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারে বাংলাদেশ ক্রমেই সক্ষমতা অর্জন করছে। নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন ও বিশেষায়িত স্পাইন সার্জনদের দক্ষতা, অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসাপদ্ধতিতে দেশেই সম্ভব হচ্ছে বিশ্বমানের চিকিৎসাসেবা। তবে দীর্ঘক্ষণ বসে থাকা, ভুল দেহভঙ্গি ও অসচেতন জীবনযাপনে বাড়ছে মেরুদণ্ডের নানা সমস্যা। বিশেষজ্ঞদের মতে, উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি রাজধানীর বাইরে জেলা পর্যায়েও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা গেলে আরও সহজলভ্য হবে মেরুদণ্ডের আধুনিক চিকিৎসা।
স্পাইন সার্জারির উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার
সেমিনারের চেয়ারপারসন ও কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন বলেন, “আজকের এই প্রোগ্রামটি এও স্পাইন (AO Spine) আয়োজিত একটি অ্যাডভান্স সেমিনার। এও স্পাইন মেরুদণ্ড বা স্পাইন-সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির উন্নয়নে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির কমিটি রয়েছে এবং নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশও এই আন্তর্জাতিক কার্যক্রমের একটি অংশ।
এবারের অ্যাডভান্স সেমিনারে প্রায় ১০০ জন অংশগ্রহণকারী রয়েছেন। এতে মোট ১০ জন ফ্যাকাল্টি সদস্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে চারজন ভারতীয় এবং ছয়জন বাংলাদেশি বিশেষজ্ঞ।
মূলত এটি একটি প্রশিক্ষণমূলক সেমিনার, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করবেন। আন্তর্জাতিক পর্যায়ে স্পাইন সার্জারির অগ্রগতি এবং বাংলাদেশের চিকিৎসাচর্চার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা পর্যালোচনার পাশাপাশি আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ করে নতুন প্রজন্মের স্পাইন সার্জনদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে তাঁরাই এও স্পাইনের কার্যক্রম এগিয়ে নেবেন এবং দেশে বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করবেন।
এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক পরিমণ্ডলে এও স্পাইনের কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করা এবং বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্পাইন সার্জারির মান ও সক্ষমতা উন্নত করা। এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে স্পাইন সার্জারির অগ্রগতি ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী।”
দেশে কম খরচে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচারের সুযোগ
দেশে মেরুদণ্ডের অস্ত্রোপচারের খরচের বিষয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য রোগীদের তুলনামূলকভাবে খুব বেশি খরচ বহন করতে হয় না। এখানে সার্জিক্যাল টিমের জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। কেবল অস্ত্রোপচারে ব্যবহৃত ইন্সট্রুমেন্টেশন বা বিশেষ যন্ত্রপাতির খরচ রোগীকে বহন করতে হয়। এ ছাড়া হাসপাতালের ওষুধ, স্যালাইন, অপারেশন থিয়েটারসহ অন্যান্য সেবা সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রদান করা হয়।
বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের ক্ষেত্রে খরচ কিছুটা বেশি হলেও ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক কম ব্যয়ে এই চিকিৎসা নেওয়া সম্ভব।
প্রয়োজন প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন
আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, প্রযুক্তিগত সুবিধা, যন্ত্রপাতি ও হাসপাতালের অবকাঠামোগত দিক থেকে উন্নত দেশগুলো কিছুটা এগিয়ে রয়েছে। তবে চিকিৎসকদের দক্ষতা, সার্জিক্যাল অভিজ্ঞতা, চিকিৎসাপদ্ধতি এবং অস্ত্রোপচার-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের বিশেষজ্ঞরা এখন বিশ্বমানের পর্যায়ে পৌঁছেছেন।
অবশ্য উন্নত যন্ত্রপাতির পর্যাপ্ত সরবরাহ, হাসপাতালের পরিবেশ এবং আধুনিক প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সহযোগী ব্যবস্থাপনায় আরও উন্নতির সুযোগ রয়েছে। তবে দক্ষ স্পাইন সার্জন ও তাঁদের চিকিৎসাসেবা এখন আর শুধু রাজধানীকেন্দ্রিক নয়; দেশের জেলা পর্যায়েও স্পাইন সার্জনদের উপস্থিতি রয়েছে। ফলে মেরুদণ্ডের উন্নত অস্ত্রোপচার চিকিৎসা দেশেই গ্রহণের সুযোগ ক্রমেই বাড়ছে।
স্পাইনের সমস্যায় নিউরোসার্জন, নাকি অর্থোপেডিক সার্জন?
এ বিষয়ে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের (বিএসওএইচ) চিফ কনসালটেন্ট ও অ্যাকাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, “মেরুদণ্ডের চিকিৎসা ও অস্ত্রোপচার এমন একটি ক্ষেত্র, যেখানে নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন এবং বিশেষায়িত স্পাইন সার্জন—তিন ধরনের বিশেষজ্ঞই কাজ করতে পারেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই যে মেরুদণ্ডের অস্ত্রোপচার শুধু নিউরোসার্জনকেই করতে হবে। মূল বিষয় হলো, সংশ্লিষ্ট চিকিৎসকের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে কি না।
একসময় নিউরোসার্জনরা মূলত মস্তিষ্কের অস্ত্রোপচারের পাশাপাশি মেরুদণ্ডের নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার, বিশেষ করে ডিস্ক-সংক্রান্ত সার্জারি করতেন। তবে সময়ের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানের জ্ঞানের পরিধি, আধুনিক প্রযুক্তি এবং রোগ নির্ণয়ের সুযোগ অনেক বেড়েছে। ফলে বর্তমানে নিউরোসার্জন ও অর্থোপেডিক সার্জন—উভয়েই মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করছেন।
বাংলাদেশেও স্পাইন সার্জারি এখন একটি স্বতন্ত্র বিশেষায়িত ক্ষেত্র হিসেবে বিকশিত হয়েছে। এ বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যায়ক পর্যায়ের বিশেষজ্ঞ তৈরি হয়েছেন। শুধু ঢাকায় নয়, খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ ও বরিশালসহ বিভিন্ন মেডিকেল কলেজেও স্পাইন সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।
অনেক রোগীর মধ্যে একটি ধারণা রয়েছে যে নিউরোসার্জন মানেই স্পাইন সার্জন। আসলে বিষয়টি এমন নয়। মেরুদণ্ডের গঠনে স্নায়বিক অংশের পাশাপাশি হাড় ও অন্যান্য অস্থিসংক্রান্ত অংশও রয়েছে। তাই মেরুদণ্ডের চিকিৎসায় উভয় ধরনের বিশেষজ্ঞেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সুতরাং রোগীর উচিত শুধু চিকিৎসকের বিশেষায়িত বিভাগের নাম দেখে সিদ্ধান্ত না নিয়ে তাঁর মেরুদণ্ডের রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারে অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করা। তিনি নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন কিংবা স্পাইন সার্জন—যে পরিচয়েরই হোন না কেন, সংশ্লিষ্ট রোগের চিকিৎসায় যথাযথ দক্ষতা থাকলে তিনি চিকিৎসা ও অস্ত্রোপচার করতে পারবেন।”
দীর্ঘক্ষণ বসা ও ভুল দেহভঙ্গিতে বাড়ছে মেরুদণ্ডের ঝুঁকি
দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করা, পড়াশোনা কিংবা মোবাইল ব্যবহারের সময় মেরুদণ্ডের সুরক্ষায় করণীয় সম্পর্কে অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, “দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা—কোনোটিই মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো নয়। একজন শিক্ষার্থী, পরীক্ষার্থী কিংবা ডেস্কে বসে কাজ করা ব্যক্তির একটানা এক থেকে সর্বোচ্চ দুই ঘণ্টার বেশি একই অবস্থানে থাকা উচিত নয়। নিয়মিত বিরতি নিয়ে বসার অবস্থান পরিবর্তন করতে হবে এবং প্রয়োজনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে।
বসা, দাঁড়ানো ও হাঁটার ক্ষেত্রে সঠিক দেহভঙ্গি বা পোস্টার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরুদণ্ড সামনে থেকে সোজা দেখালেও পাশ থেকে দেখলে এর স্বাভাবিক কিছু বাঁক রয়েছে। ঘাড় ও কোমরের দিকে মেরুদণ্ডের স্বাভাবিক লর্ডোসিস বা সামনের দিকে বাঁক থাকে। এই স্বাভাবিক গঠন বজায় রাখতে বিভিন্ন পেশি, জয়েন্ট, ক্যাপসুল ও লিগামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে কাজ করা কিংবা একদিকে কাত হয়ে বসে থাকার অভ্যাস পরিহার করতে হবে। মেরুদণ্ডের স্বাভাবিক গঠন ও ভারসাম্য বজায় রাখতে সঠিক দেহভঙ্গি অনুসরণ করা জরুরি।
এ ছাড়া ঘাড়, পিঠ ও কোমরের পেশি শক্তিশালী রাখতে নিয়মিত নির্দিষ্ট কিছু ব্যায়াম করা উচিত। এসব ব্যায়াম মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।
ঘুমানোর ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। বিছানা অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত হওয়া উচিত নয়; বরং সমতল ও আরামদায়ক হওয়া ভালো। বিছানা থেকে ওঠার সময় সরাসরি উঠে না বসে প্রথমে বাম বা ডান কাত হয়ে, এরপর হাতের সাহায্যে ধীরে ধীরে উঠে আসা উচিত।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের শরীর সামনের দিকে ঝুঁকে যায় এবং কুঁজো হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এসব পরিবর্তন ও এর সঙ্গে সম্পর্কিত শারীরিক সমস্যা কমাতে নিয়মিত ব্যায়াম, সঠিক বসার অভ্যাস এবং দৈনন্দিন চলাফেরায় সচেতনতা জরুরি।
সবারই উচিত নিজের দৈনন্দিন কাজের ধরন অনুযায়ী স্বাস্থ্যকর দেহভঙ্গি গড়ে তোলা এবং এমন অভ্যাস পরিহার করা, যা মেরুদণ্ডের স্বাভাবিক গঠন ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
ঝুঁকি কমাতে জরুরি সঠিক দেহভঙ্গি ও নিয়মিত বিরতি
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) স্পাইন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস. এ. জুনায়েদ বলেন, ‘যাঁরা মূলত বসে কাজ করেন বা কায়িক পরিশ্রমের পরিবর্তে ডেস্কে দীর্ঘ সময় কাটান, তাঁদের ক্ষেত্রে মেরুদণ্ডের সুস্থতা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক দেহভঙ্গি বা পোস্টার মেনে চলা। যাঁরা বসে কাজ করেন, তাঁদের প্রতি এক ঘণ্টা পর অন্তত এক মিনিটের জন্য বিরতি নিয়ে দাঁড়ানো উচিত। একইভাবে যাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, তাঁদেরও কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন।
কাজের ধরন যা-ই হোক না কেন, মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান বজায় রাখার চেষ্টা করতে হবে। সঠিক দেহভঙ্গি অনুসরণ করতে পারলে মেরুদণ্ড-সংক্রান্ত বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।
অন্যদিকে, যাঁরা নিয়মিত কায়িক পরিশ্রম করেন, তাঁদের মেরুদণ্ড-সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম। তবে যাঁরা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন না, তাঁরা হঠাৎ অতিরিক্ত পরিশ্রম শুরু করলে মাংসপেশির পর্যাপ্ত সক্ষমতা না থাকায় মেরুদণ্ডে আঘাত পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ ছাড়া নিয়মিত কায়িক পরিশ্রম করেন এমন ব্যক্তিদেরও অতিরিক্ত ভার বহনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাথায় বা ঘাড়ে অতিরিক্ত ওজন বহন করলে মেরুদণ্ডের ওপর চাপ পড়তে পারে। মানুষের শরীরের ভার বহনের একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে দুর্ঘটনাজনিত আঘাতের পাশাপাশি মেরুদণ্ডের ডিস্কেও ক্ষতি হতে পারে। বারবার অতিরিক্ত ভার বহনের ফলে ডিস্কের ওপর চাপ সৃষ্টি হয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
শ্রমজীবী-গৃহিণীদের মেরুদণ্ড সুরক্ষায় পরামর্শ
শ্রমজীবী মানুষ ও গৃহিণীদের মেরুদণ্ডের সুস্থতা বজায় রাখার বিষয়ে অধ্যাপক ডা. এস. এ. জুনায়েদ বলেন, ‘শ্রমজীবী মানুষের ক্ষেত্রে প্রথমেই নিজের শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে হবে। কতটুকু ভার বহন করা সম্ভব এবং কোন পদ্ধতিতে কাজ করলে মেরুদণ্ডের ওপর চাপ কম পড়বে, তা জানতে হবে। বিশেষ করে মাথায় বা ঘাড়ে অতিরিক্ত ভার বহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি।’
ভারি কোনো জিনিস তোলার সময় সরাসরি কোমর বাঁকিয়ে তোলা উচিত নয়। প্রথমে হাঁটু ভাঁজ করে নিচু হতে হবে, মেরুদণ্ড যথাসম্ভব স্বাভাবিক ও সোজা অবস্থায় রাখতে হবে এবং এরপর ধীরে ধীরে জিনিসটি তুলতে হবে। এভাবে কাজ করলে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ার ঝুঁকি কমানো যায়।
অন্যদিকে, গৃহিণীদের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, তাঁরা সারাদিন ঘরের কাজ করেন বলে আলাদাভাবে ব্যায়াম করার প্রয়োজন নেই। কিন্তু গৃহস্থালির কাজ করলেই মেরুদণ্ডের সহায়ক মাংসপেশিগুলো পর্যাপ্তভাবে শক্তিশালী হয় না।
এ কারণে গৃহিণীদেরও প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখা উচিত। অন্তত ২০ থেকে ৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস গড়ে তুললে শারীরিক সক্ষমতা ও মাংসপেশির কার্যকারিতা বজায় রাখতে উপকার পাওয়া যায়।
বিশেষ করে মেরুদণ্ডকে সুরক্ষা দিতে কোর স্ট্রেনদেনিং এক্সারসাইজ বা শরীরের মধ্যভাগের মাংসপেশি শক্তিশালী করার ব্যায়াম গুরুত্বপূর্ণ। তাই সারাদিন ঘরের কাজ করার পাশাপাশি প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট আলাদাভাবে হাঁটা বা উপযুক্ত ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা উচিত।
এমইউ/