৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন
মেডিভয়েস রিপোর্ট: ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪১৭ জন চিকিৎসক। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।
আজ রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৫ মার্চ ও ২১ মে ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে সহকারী কমিশনার পদে ২৬৬ জন, সহকারী সচিব (পররাষ্ট্রবিষয়ক) পদে ৯ জন, সহকারী পুলিশ সুপার পদে ৭৬ জন, সহকারী সার্জন পদে ৪০১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন রয়েছেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে এক লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট চাকরির জন্য নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে।
নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাঁদের চাকরি স্থায়ী করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা জমা দিতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজেদের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণীও দাখিল করতে হবে।
নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তাঁর নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। অন্যদিকে, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তী যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ বাতিলের পাশাপাশি ফৌজদারি মামলা করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
এমআর/