ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহেই হাসপাতাল দুটির পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দেশে চিকিৎসক সংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। এ ঘাটতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসাসেবা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. মো. নুরুদ্দীন প্রমুখ।
এমআর/