২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পিএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ২টায় শুরু হওয়া বৈঠক চলে রাত ২টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠকে মজুরি নির্ধারণ নিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রেড-৪-এর ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২ এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪ এর মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে গ্রেড-৪-এর ক্ষেত্রে ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ অনুযায়ী গোপন ভোটের ব্যবস্থা করা হয়। এতে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে পড়ে। বিধিমালার ১২৯ ধারার ১ উপধারা অনুসারে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ মজুরি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন এলাকায় আন্দোলন চলছিল। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের একটি অংশ কাজে ফিরতে শুরু করেন। তবে সাভার ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবরও পাওয়া যাচ্ছিল।

এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরবর্তী বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তারা তা দেয়নি। পরে ২৩ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে মালিকপক্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে।

প্রসঙ্গত, তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়, যা কার্যকর হয়েছিল ওই বছরের ডিসেম্বর থেকে। তখন মজুরি বৃদ্ধির হার ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক