২৩ নভেম্বর, ২০২৬ ০৮:৫৩ পিএম

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, জলবায়ু অর্থায়ন এবং কার্বন অপসারণ প্রযুক্তি নিয়ে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি বিশ্বনেতারা। তুরস্কের আনতালিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আলোচনা নির্ধারিত সময়ের অতিরিক্ত দুই দিন গড়ালেও কোনো সমঝোতা হয়নি। চূড়ান্ত খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার না থাকা এবং জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়নের নিশ্চয়তা না মেলায় ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ফলে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এবারের জলবায়ু সম্মেলন, যা বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐকমত্য ও সহযোগিতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

‘আনতালিয়া চুক্তি’ অনুমোদনের জন্য রোববার (২২ নভেম্বর) আয়োজিত চূড়ান্ত বৈঠকে এবারের সম্মেলনে অংশ নেওয়া ১৯০টির বেশি দেশের মধ্যে প্রয়োজনীয় মতৈক্য হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ থেকে সরে গেছে।

জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক উত্তরণের স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল ১৩০টির বেশি দেশ। কিন্তু খসড়ায় এ বিষয়ে সরাসরি কোনো উল্লেখ নেই।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন এ সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা বড় ধরনের বাধার মুখে পড়েছে।

সম্মেলনের সমাপনী অধিবেশনে এ পরিস্থিতির কথা জানান সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম। তিনি বলেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি এবং নতুন করে আর কোনো খসড়া প্রস্তাব উপস্থাপন করা হবে না। তাঁর ভাষায়, ‘আর কিছু করার নেই, আমরা আমাদের সাধ্যমতো সবই করেছি। এখন থেকে আর কোনো নতুন খসড়া আসবে না।’

সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিদের বক্তৃতা চলাকালীন মঞ্চ ত্যাগ করেন মুরাত কুরুম।

অস্ট্রেলিয়ার জলবায়ু সম্মেলনবিষয়ক আলোচনার সভাপতি ক্রিস বোয়েন এ ফলাফলকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, জ্বালানি নীতি এবং জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর মতবিরোধই চুক্তিতে পৌঁছানোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এবারের আলোচনা নির্ধারিত সময়ের অতিরিক্ত দুই দিন গড়ায়। এতে সম্মেলনটি জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসে দীর্ঘতম অধিবেশনে পরিণত হয়। দীর্ঘ আলোচনার পরও দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এর আগে ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু আলোচনায়ও সর্বসম্মত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল দেশগুলো।

জীবাশ্ম জ্বালানি নিয়ে অঙ্গীকার না থাকায় ইইউর আপত্তি

চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যানের অন্যতম কারণ ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বা তা থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকারের অনুপস্থিতি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী দারা ও’ব্রায়েন জানান, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রস্তাবিত চুক্তি সমর্থন করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘এটা অকল্পনীয় যে আমাদের এমন একটি জলবায়ু চুক্তি থাকবে, যেখানে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই, এমনকি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়েও কোনো কথা নেই।’

তার ভাষায়, এ ধরনের নথি জলবায়ুবিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রয়োজনীয় পদক্ষেপের পরিবর্তে জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ভেস্তে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন পরিস্থিতিকে আরো জটিল করবে।

সম্মেলনে উপস্থিত পর্যবেক্ষকদের দাবি, সৌদি আরবসহ প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানিসংক্রান্ত উল্লেখ বাদ দেওয়ার জন্য জোরালো তদবির চালিয়েছিল। অন্যদিকে পানামাও খসড়া চুক্তির বিরোধিতা করে জানায়, এতে জলবায়ু সংকটের ব্যাপকতা ও জরুরি পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

কার্বন অপসারণ প্রযুক্তি নিয়েও মতবিরোধ

সম্মেলনে চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় ছিল কার্বন অপসারণ প্রযুক্তি। ব্যর্থ হওয়া খসড়া চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি স্বীকার করে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও ব্যবহারের আহ্বান জানানো হয়েছিল।

তেল উৎপাদনকারী দেশগুলোর কাছে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি দাবি। তবে বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব এড়াতে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নির্গমন ব্যাপকভাবে কমানো জরুরি।

চুক্তির সমালোচকদের আশঙ্কা, কার্বন অপসারণ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ্বালানির উত্তোলন ও ব্যবহার অব্যাহত রাখার অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে।

সমাপনী অধিবেশনে সৌদি আরবের প্রতিনিধিদলের একজন সদস্য কার্বন অপসারণ প্রযুক্তির প্রতি বিরোধিতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তাঁর মতে, এই প্রযুক্তি জলবায়ু সংকট মোকাবিলায় একটি বাস্তবসম্মত সমাধান দিতে পারে।

জলবায়ু অর্থায়ন নিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অসন্তোষ

উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকেও প্রস্তাবিত চুক্তির সমালোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব দেশের জন্য পর্যাপ্ত নতুন অর্থায়নের নিশ্চয়তা ছিল না খসড়া চুক্তিতে।

এতে জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন তিন গুণ বাড়ানোর আহ্বান জানানো হলেও কোন ভিত্তির ওপর এই বৃদ্ধি নির্ধারিত হবে, তা স্পষ্ট করা হয়নি। ফলে অর্থায়নের পরিমাণ, উৎস ও বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ থেকেই যায়।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী অথচ এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যও এ ধরনের আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

২০৩৫ সালের জ্বালানি লক্ষ্য নিয়েও বিতর্ক

খসড়া চুক্তিতে তুরস্কের পক্ষ থেকে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার একটি লক্ষ্যের প্রস্তাব করা হয়েছিল।

এ প্রস্তাবের সমর্থকদের মতে, পরিবহন, রান্না ও বিভিন্ন শিল্পপ্রক্রিয়ায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া এ ধরনের লক্ষ্য দরিদ্র দেশগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

বহুপাক্ষিক জলবায়ু উদ্যোগে নতুন চ্যালেঞ্জ

চুক্তি না হওয়ার ঘটনাকে বেদনাদায়ক পরিণতি হিসেবে উল্লেখ করেন বেলজিয়ামের জলবায়ুমন্ত্রী জঁ-লুক ক্রুক। তিনি বলেন, প্রয়োজনে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ‘না’ বলার সাহস থাকতে হবে। তাঁর ভাষায়, ‘এটি বহুপাক্ষিকতার সমাপ্তি নয়, তবে না বলার সাহস থাকতে হবে।’

জলবায়ু উদ্যোগের জন্য বড় ধাক্কা

এদিকে বিশ্লেষকদের মতে, এবারের আলোচনা ব্যর্থ হওয়া আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগের জন্য একটি বড় ধাক্কা। তবে সম্মেলনে নতুন রাজনৈতিক ঘোষণাপত্র বা চুক্তি গ্রহণ করা সম্ভব না হলেও পূর্ববর্তী জাতিসংঘ জলবায়ু সম্মেলনগুলোতে গৃহীত অঙ্গীকার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদ্যমান আন্তর্জাতিক আইনি ও কারিগরি কাঠামো বহাল থাকবে।

এবারের সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা সতর্ক করেছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক দশকেরও বেশি আগে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের দেশগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার এই সীমার মধ্যে রাখার চেষ্টা এবং ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখার অঙ্গীকার করেছিল।

বিজ্ঞানীদের আশঙ্কা, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তাপপ্রবাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের তীব্রতা ও ঝুঁকি আরও বাড়বে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ) বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতিবছর এ সম্মেলনে দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নির্গমন হ্রাস, অভিযোজন এবং অর্থায়ন নিয়ে আলোচনা করে। কিন্তু এবারের দীর্ঘ আলোচনা শেষেও কোনো সমঝোতায় পৌঁছাতে না পারা জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কপ৩১-এ বাংলাদেশের দাবি

কপ৩১-এর আলোচনায় বাংলাদেশের অন্যতম প্রধান দাবি ছিল জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদান ও সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্ব দেয়।

নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার বিষয়টি সম্মেলনে তুলে ধরা হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে অর্থ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি বাংলাদেশের আলোচনায় গুরুত্ব পায়।

পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্বেগ

চূড়ান্ত খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ পড়ায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রিনপিস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ), ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ ১০০টির বেশি পরিবেশবাদী সংগঠন কপ৩১-এর যৌথ সভাপতিদের কাছে চিঠি দিয়েছে।

চিঠিতে সংগঠনগুলো বলেছে, কয়লা, তেল ও গ্যাসের মতো জলবায়ু সংকটের প্রধান কারণগুলোকে চুক্তিতে উল্লেখ না করা হতাশাজনক। তাদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং তা থেকে উত্তরণের বিষয়টি আন্তর্জাতিক চুক্তিতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা জরুরি।

বাংলাদেশের জন্য ৭৮৪ কোটি টাকার অনুদান

এদিকে সম্মেলন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত হওয়ার তথ্য জানিয়েছেন।

এ অর্থায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হলেও সম্মেলনের মূল ঘোষণাপত্রে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়ার বিষয়টির সঙ্গে একে এক করে দেখার সুযোগ নেই। বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা ও অনুদান নিশ্চিত করার গুরুত্বকে এ অর্জন আরও সামনে এনেছে।

জলবায়ু অর্থায়ন নিয়ে নতুন উদ্বেগ

কপ৩১-এর মূল চুক্তি নিয়ে অচলাবস্থা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব দেশের প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা এখনো পর্যাপ্তভাবে নিশ্চিত হয়নি।

বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং অভিযোজন অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়ায় আগামী জলবায়ু সম্মেলনগুলোতে এ দুটি বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদান, প্রযুক্তি হস্তান্তর ও কার্যকর অভিযোজন উদ্যোগ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

কপ৩২ ইথিওপিয়ায় ২০২৭ সালে

কপ৩১-এর মূল রাজনৈতিক চুক্তি নিয়ে অচলাবস্থা থাকলেও পরবর্তী জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণে সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালে ৩২তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩২) আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এবারের সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। তবে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমঝোতা না হওয়ায় আলোচনার সময় বাড়ানো হয়। নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত দুই দিন আলোচনা চললেও দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। প্রায় ২০০ দেশের প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে দীর্ঘ আলোচনার পরও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারা আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও