১৪ নভেম্বর, ২০২৬ ০২:২৬ পিএম
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এর মধ্যে প্রায় ৫৪ লাখ ২৬ হাজার মানুষ জানতেন না যে তারা এ রোগে আক্রান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এমনকি পায়ে ঘা ও সংক্রমণ থেকে পরিস্থিতি জটিল হয়ে অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে।

তবে সময়মতো রোগ শনাক্ত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে টাইপ-২ ডায়াবেটিসের অনেক ক্ষেত্রেই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

যেসব লক্ষণে সতর্ক হবেন

ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত পিপাসা ও ক্ষুধা, ঘন ঘন প্রস্রাব, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং ঝাপসা দেখা। তবে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক সময় দীর্ঘদিন কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রক্তে শর্করার মাত্রা নির্ণয় গুরুত্বপূর্ণ।

প্রতিরোধে প্রয়োজন সচেতনতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং তামাক পরিহারের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ জরুরি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস মোকাবিলায় সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন।

প্রসঙ্গত, ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দিবসটি পালনের সূচনা হয়। ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ডায়াবেটিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক