হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৪১
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৮৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ২২১, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ছিল ১ হাজার ৩৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এ সময়ে সিলেটে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে হামের উপসর্গে মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে ১ হাজার ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্তের পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।
এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ২৪ হাজার ৮৮০ জনের হাম শনাক্ত হয়েছে।
এইউ/