১০ নভেম্বর, ২০২৬ ০৪:২৪ পিএম

রামেকে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগ

রামেকে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগ
ছবি: ভিডিও থেকে

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সাবেক নেতার অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাসপাতালের পরিচালকের কক্ষে তাদের গোপন বৈঠক ও আশ্রয় দেওয়ার অভিযোগে শিক্ষার্থী ও চিকিৎসকদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় দুই নেতার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাবেক সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই দুই সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে যান। সেখানে তাদের গোপন বৈঠক ও আশ্রয় নেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার নেতাকর্মীরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন। তারা দুই নেতাকে গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের হাসপাতালে আশ্রয় দিয়ে মদদ দিচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ করেন তারা।

পরে শিক্ষার্থী ও চিকিৎসকদের চাপের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই দুই নেতাকে আটক করে নিজেদের হেফাজতে নেন। তাদের পুলিশি গাড়িতে তোলার সময় উত্তেজিত শিক্ষার্থীরা মারধর ও ডিম নিক্ষেপ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ছাত্রলীগের ওই দুই সাবেক নেতা পরিচালকের কাছে এসেছিলেন তাদের ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে। একপর্যায়ে তাদের উপস্থিতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। বর্তমানে তাদের আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসূচি পালনের অভিযোগ ওঠে। ওই ঘটনার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত