ঢাকায় হঠাৎ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিন পর বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম অনুভূত হওয়ার পর সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নেমেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে শুরু হয় দমকা হাওয়া। সন্ধ্যার পর বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি শুরু হয়।রাজধানীর পান্থপথ, ফার্মগেট, গ্রিন রোড, বাংলামোটর, কলাবাগান, উত্তরা, বিমানবন্দর, কুড়িল, মিরপুর, সায়েদাবাদ ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা কমে শীতের আমেজ বাড়তে পারে। উত্তরাঞ্চলে শীতের আভাস পাওয়া গেলেও দেশের অন্যান্য এলাকায় এখনই শীতের তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের ৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের স্বাভাবিক অবস্থান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এইউ/