০৮ নভেম্বর, ২০২৬ ০১:০৮ পিএম

স্বাস্থ্যসেবা নিতে আসা প্রতি দশ নারীর আটজনই রক্তস্বল্পতায় আক্রান্ত

স্বাস্থ্যসেবা নিতে আসা প্রতি দশ নারীর আটজনই রক্তস্বল্পতায় আক্রান্ত
ছবি: এআই

মেডিভয়েস রিপোর্ট: মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভাবস্থা, সন্তান জন্মদান এবং এসব সময়ে পুষ্টির বাড়তি চাহিদা পূরণে ঘাটতির কারণে নারীদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি বেশি। পুরুষের তুলনায় নারীদের এ রোগে আক্রান্ত হওয়ার হার প্রায় দ্বিগুণ। স্বাস্থ্যসেবা নিতে আসা ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্রতি দশ নারীর মধ্যে প্রায় আটজনই রক্তস্বল্পতায় ভুগছেন। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে এ হার প্রতি দশ জনে প্রায় চারজন।

চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা প্রাপ্তবয়স্কদের তথ্য নিয়ে গবেষণাটি পরিচালিত হয়। গত দশ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী হেলথ সায়েন্স রিপোর্টস-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এতে হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া গেছে এমন ৪৫৯ জনের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশের রক্তস্বল্পতা শনাক্ত হয়েছে।

গবেষণায় নারী ও পুরুষের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করে দেখা যায়, নারীদের মধ্যে রক্তস্বল্পতায় আক্রান্তের হার ৭৭ দশমিক নয় শতাংশ। বিপরীতে পুরুষদের ক্ষেত্রে এ হার ৩৯ দশমিক সাত শতাংশ।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭ শতাংশের মৃদু, ২৯ দশমিক ছয় শতাংশের মাঝারি এবং দুই দশমিক ছয় শতাংশের তীব্র রক্তস্বল্পতা পাওয়া গেছে। অর্থাৎ, গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রতি তিনজনের প্রায় একজন মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় আক্রান্ত।

গবেষণার উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, পুরুষের তুলনায় নারীদের মৃদু রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার আপেক্ষিক ঝুঁকি দুই দশমিক ৫১ গুণ। মাঝারি মাত্রার রক্তস্বল্পতার ক্ষেত্রে এ ঝুঁকি ১১ দশমিক ৫৩ গুণ।

তীব্র রক্তস্বল্পতার ক্ষেত্রেও নারীদের ঝুঁকি বেশি বলে উঠে এসেছে গবেষণায়। তবে এ ধরনের রোগীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ঝুঁকির হিসাবটিতে অনিশ্চয়তা বেশি রয়েছে। এ ছাড়া কম ওজনের মানুষের মধ্যে মাঝারি মাত্রার রক্তস্বল্পতার ঝুঁকি বেশি বলে উল্লেখ করেছেন গবেষকরা। স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় কম ওজনের ব্যক্তিদের এ ঝুঁকি ৩ দশমিক ৪২ গুণ বেশি।

গবেষণাকালে চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা মোট দুই হাজার ১১৮ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিবেচনায় নেওয়া হয়। তবে হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া গেছে এমন ৪৫৯ জনকে চূড়ান্ত বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ২৩৫ জন নারী এবং ২২৪ জন পুরুষ।

এসব ফলাফলের ভিত্তিতে গবেষকদের পরামর্শ, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে রক্তস্বল্পতা প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের ঝুঁকির পার্থক্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

রক্তস্বল্পতার কারণ

মানবদেহে রক্তস্বল্পতার অন্যতম প্রধান কারণ আয়রনের ঘাটতি। এ ছাড়া আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি১২-সমৃদ্ধ খাবারের অভাব, দীর্ঘদিনের অপুষ্টি, অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণ, গর্ভাবস্থা এবং সন্তান জন্মদানের সময় রক্তক্ষরণ এ রোগের ঝুঁকি বাড়ায়।

পাশাপাশি কৃমি সংক্রমণ, দীর্ঘস্থায়ী সংক্রমণ ও কিছু জটিল রোগের কারণেও রক্তস্বল্পতা দেখা দিতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় মা ও গর্ভের শিশুর বাড়তি পুষ্টির চাহিদা পূরণ না হলে নারীদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে।

রক্তস্বল্পতা প্রতিরোধে করণীয়

রক্তস্বল্পতা প্রতিরোধে প্রতিদিনের খাদ্যতালিকায় আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি১২-সমৃদ্ধ খাবার রাখা জরুরি। এ জন্য কলিজা, মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার খেতে হবে। আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে লেবু, পেয়ারা, আমলকী ও কমলালেবুর মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল খেলে শরীরে আয়রন শোষণ বাড়ে।

অন্যদিকে, খাবারের সঙ্গে বা খাওয়ার পরপরই চা-কফি পান করা থেকে বিরত থাকা ভালো। কারণ, এতে শরীরে আয়রন শোষণ বাধাগ্রস্ত হতে পারে।

পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় করা প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত মাসিকের রক্তক্ষরণ, গর্ভাবস্থা কিংবা দীর্ঘদিনের দুর্বলতা ও ক্লান্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে আয়রন ও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে।

কৃমি সংক্রমণ, দীর্ঘস্থায়ী রোগ কিংবা রক্তক্ষরণের মতো অন্তর্নিহিত কারণ থাকলে সেগুলোরও যথাযথ চিকিৎসা জরুরি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট গ্রহণ করা উচিত নয়। কারণ, রক্তস্বল্পতার সব ধরন আয়রনের অভাবে হয় না।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত