অধ্যাপক পদে পদোন্নতি পেলেন নয় চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতনস্কেল, ২০২৬ এর গ্রেড-৩ বেতনক্রমে তাঁদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম হাবিবুল্লাহ (সেলিম), মুগদা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. গোলাম আজম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ জিয়ারাত ইসলাম।
এ ছাড়া পদোন্নতি পেয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শংকর কুমার রায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি হিসেবে কর্মরত প্রস্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ বোরহান উদ্দীন হাওলাদার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অরুন জ্যোতি তরফদার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমআর/