৩১ অক্টোবর, ২০২৬ ০৭:০৩ পিএম

অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুবার্ষিকীতে হেপাটাইটিস-বি নিরাময়ে বিপিরোভারসেনের সম্ভাবনা নিয়ে বিএমইউতে সেমিনার

অধ্যাপক ডা. মবিন খানের মৃত্যুবার্ষিকীতে হেপাটাইটিস-বি নিরাময়ে বিপিরোভারসেনের সম্ভাবনা নিয়ে বিএমইউতে সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হেপাটোলজি বিভাগের বিকাশ, লিভার রোগের চিকিৎসা ও চিকিৎসাশিক্ষায় অসামান্য অবদান রাখা প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করার পাশাপাশি হেপাটাইটিস-বি চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া উদ্ভাবনী ওষুধ বিপিরোভারসেন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। আজ শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে অধ্যাপক মবিন খানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি হেপাটাইটিস-বি নিরাময়ে নতুন চিকিৎসাপদ্ধতি, গবেষণার অগ্রগতি এবং রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি অধ্যাপক ডা. মবিন খানকে নিজের সরাসরি শিক্ষক ও অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণ করে বলেন, এফসিপিএস করার ক্ষেত্রে অধ্যাপক মবিন খানের অনুপ্রেরণা তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ১৯৮৩ সালে আইপিজিএমআরে ইন্টার্নশিপ করার সময় অধ্যাপক মবিন খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। সে সময় তিনি অস্ট্রেলিয়া থেকে হেপাটোলজিতে মাস্টার্স সম্পন্ন করে দেশে ফিরেছিলেন এবং হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে বদলি হলেও দুই বছর পর আবার আইপিজিএমআর-এ ফিরে এসে হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন।

সেমিনারের বিষয়ে ভিসি বলেন, হেপাটাইটিস-বি চিকিৎসায় একটি কার্যকর ওষুধ সামনে আসছে, যা একসময় অবিশ্বাস্য মনে হতো। এটি চিকিৎসাবিজ্ঞানের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক অগ্রগতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি অধ্যাপক ডা. মবিন খানের কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা ও চিকিৎসাসেবায় নিবেদিত জীবনের স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, অধ্যাপক মবিন খান প্রতিদিন সকাল ৭টায় হাসপাতালে আসতেন। হাসপাতালে আসার আগেই তিনি প্রায় একশ রোগী দেখতেন। সারাদিন তিনি রোগীদের সেবায় নিয়োজিত থাকতেন। তাঁর ব্যক্তিগত জীবনের চেয়ে চিকিৎসাসেবা ও শিক্ষা-গবেষণাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন অত্যন্ত স্বচ্ছ ও নিবেদিতপ্রাণ মানুষ।

অধ্যাপক শাহিনুল আলম আরও বলেন, অধ্যাপক মবিন খান হেপাটোলজি বিষয়ে নতুন সাবজেক্ট ও কোর্স চালু করেছেন এবং বিভিন্ন মেডিক্যাল কলেজে বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত গবেষণার ধারাবাহিকতা বজায় রেখেই এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হচ্ছে। রোগীদের চিকিৎসা ব্যয় কমানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এদিন একটি প্রটোকল নিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তিনটি প্রটোকল নিয়ে আলোচনা করতে হয়েছে বলে তিনি জানান।

সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসকে নাজমুল হাসান। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিল ‘সাইলেন্সিং এইচবিভি, আনলকিং কিউর: দ্য প্রমিস অব বিপিরোভারসেন’। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. ফরহাদ হোসেন ‘দ্য ফাংশনাল কিউর ট্রায়াল: বিপিরোভারসেন ভার্সেস পেগিলেটেড ইন্টারফেরন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এলিন। এ সময় তিনি অধ্যাপক ডা. মবিন খানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. তানভীর আহমাদ এবং সঞ্চালনা করেন ডা. তাহরিনা মাহাবুব।

সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বিশেষজ্ঞ মতামত দেন বারডেমের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম আজম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, ঢাকা মেডিক্যাল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এবিএম শাকিল গনি, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজল করিম, বিএমইউর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এ বি এম ছফিউল্লাহ ও অধ্যাপক ডা. জাহিদুর রহমান এবং মুগদা মেডিক্যাল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। অধ্যাপক ডা. মবিন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হেপাটাইটিস-বি চিকিৎসায় নতুন ও কার্যকর পদ্ধতি নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীদের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত