২৯ অক্টোবর, ২০২৬ ০৮:৩৩ পিএম

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণা

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণা
ছবি: এআই জেনারেটেড

মেডিভয়েস রিপোর্ট: নিজস্ব অর্থে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছেন। আর্থিক সংকটে পড়েছেন দেশের ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০০৫ সালে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমেছিলেন প্রায় ৫৬ লাখ মানুষ, যা ছিল সে সময়ের জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৪ শতাংশে।

অন্যদিকে, দেশে সামগ্রিক দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে কমে ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, সামগ্রিক দারিদ্র্য কমলেও চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে মানুষের আর্থিক সংকটে পড়ার ঝুঁকি বেড়েছে।

চিকিৎসার ব্যয়ে আর্থিক সংকট বেড়েছে

গবেষণায় দেখা গেছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়া মানুষের হার ২০০৫ সালের ২৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৪১ দশমিক ৭ শতাংশ হয়েছে। একই বছর বিশ্বব্যাপী এ হার ছিল ২৬ শতাংশ।

এ ছাড়া চিকিৎসাব্যয়ের কারণে পরিবারের আর্থিক বিপর্যয়ের হার ২০০৫ সালের ১২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৩২ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।

গবেষণার ফোকাল পয়েন্ট সুব্রত পাল বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দরিদ্র পরিবারগুলো। আর্থিক চাপে না পড়ে চিকিৎসার খরচ বহন করার ক্ষেত্রে পরিবারগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সুইডিশ দূতাবাসের সহায়তায় ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক সংকট ও সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন’ শীর্ষক গবেষণাটি পরিচালিত হয়। গত বুধবার গবেষণার ফল উপস্থাপন করা হয়।

বেড়েছে পরিবারের চিকিৎসাব্যয়

গবেষণায় বলা হয়েছে, মূল্যস্ফীতির প্রভাব সমন্বয় করার পরও পরিবারের নিজস্ব চিকিৎসাব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৫ সালে একটি পরিবারের মাসিক গড় চিকিৎসাব্যয় ছিল ১ হাজার ২৪১ টাকা। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৩৮ টাকায়।

একই সময়ে চিকিৎসার জন্য নিজস্ব অর্থ ব্যয় করেছে এমন পরিবারের হার ৫২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৯২ দশমিক ৭ শতাংশ হয়েছে।

পরিবারগুলোর চিকিৎসাব্যয়ের বড় অংশ খরচ হচ্ছে ওষুধ কেনা, রোগ নির্ণয়ের পরীক্ষা, হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকের পরামর্শের ফি বাবদ। পাশাপাশি বহির্বিভাগের চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরতাও বেড়েছে।

২০১৬ সালে বহির্বিভাগের চিকিৎসাসেবার ৩২ দশমিক ৫ শতাংশ ফার্মেসির মাধ্যমে নেওয়া হতো। ২০২২ সালে এ হার বেড়ে ৫৫ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়।

সবচেয়ে বেশি আর্থিক চাপে দরিদ্র পরিবার

চিকিৎসাব্যয়ের কারণে আর্থিক সংকটে পড়ার ক্ষেত্রে ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

২০২২ সালে দেশের সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের মধ্যে ৯০ দশমিক ৮ শতাংশ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন। বিপরীতে, সবচেয়ে ধনী ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে এ হার ছিল মাত্র ১৩ দশমিক ৬ শতাংশ।

গ্রাম ও শহর—উভয় এলাকাতেই চিকিৎসাব্যয়ের কারণে আর্থিক সংকট বেড়েছে। তবে শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি ভুগেছেন। ২০২২ সালে গ্রামীণ জনগোষ্ঠীর ৪৭ দশমিক ৯ শতাংশ এ সংকটে পড়েন। শহরাঞ্চলে এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

বিভাগভিত্তিক পরিসংখ্যানেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। ২০০৫ সালে বরিশাল বিভাগে চিকিৎসাব্যয়ের কারণে আর্থিক সংকটে পড়া মানুষের হার ছিল সর্বনিম্ন ২২ দশমিক ৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে তা বেড়ে ৫৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়, যা দেশের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ।

সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া কমেছে

গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেখানে চিকিৎসা নেওয়া রোগীর অনুপাত কমেছে।

২০১৬ সালে হাসপাতালে ভর্তি রোগীদের ৬১ দশমিক ৩ শতাংশ সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতেন। ২০২২ সালে এ হার কমে ৫৬ শতাংশে দাঁড়ায়। অন্যদিকে, একই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার হার ৩৬ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৪২ দশমিক ৫ শতাংশ হয়েছে।

সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন নিয়েও উদ্বেগ জানিয়েছে গবেষণাটি। এতে বলা হয়েছে, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন বেশি হলেও সরকারি স্বাস্থ্যব্যয়ের সুবিধা যথাযথভাবে তাদের অনুকূলে যাচ্ছে না।

২০১৬ সালের তুলনায় ২০২২ সালে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দরিদ্রদের অনুকূলে থাকা সুবিধা বণ্টনের প্রবণতা কমেছে। ফলে যাদের স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সরকারি সম্পদ তাদের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারি অর্থায়ন বাড়ানোর সুপারিশ

চিকিৎসাব্যয়ের কারণে মানুষের আর্থিক সংকট কমাতে স্বাস্থ্য খাতে সরকারি অর্থায়ন বাড়ানো, ব্যয়ের দক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করা এবং দরিদ্র মানুষের কাছে সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে গবেষক দল।

এ ছাড়া প্রয়োজনীয় ওষুধ ও রোগ নির্ণয়ের পরীক্ষা বিনামূল্যে ও নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি রোগের জন্য নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসার ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের যে শোচনীয় অবস্থা তৈরি হয়েছিল, গবেষণার ফল তা তুলে ধরেছে। চিকিৎসার নিজস্ব ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতিবদ্ধ।

গবেষণার ফল উপস্থাপন করেন ডব্লিউএইচও বাংলাদেশের তোহিদুল ইসলাম ও সায়েম আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশে ডব্লিউএইচওর ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাজেশ নারওয়াল উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক এনামুল হক।

গবেষণায় ২০০৫, ২০১০, ২০১৬ ও ২০২২ সালে পরিচালিত খানা আয় ও ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণ করে চিকিৎসাব্যয়, দারিদ্র্যের ওপর এর প্রভাব এবং সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য মূল্যায়ন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত