২৮ অক্টোবর, ২০২৬ ০৯:২৩ পিএম

টেকসই স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

টেকসই স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে টেকসই চক্ষুসেবা নিশ্চিতে সরকার, আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থা, হাসপাতাল এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় স্থায়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ওনারশিপ এবং কমিউনিটি পার্টিসিপেশনের বিকল্প নেই। সরকারের একাই নয় বরং আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থা, হাসপাতাল এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘রাজশাহী আই হেলথ ফ্রেমওয়ার্ক বিষয়ক অংশীজন পরামর্শ সভা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে চাই—যা শুধু আজকের দিনের জন্য নয়, আগামী ৫, ১০ বা ২০ বছর ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করতে পারে। সরকারি স্বাস্থ্যকর্মীদের আই কেয়ারের ওপর মৌলিক প্রশিক্ষণ দিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রমের সাথে যুক্ত করতে পারলে একটি স্থায়ী ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে।’

চক্ষু খাতের অগ্রগতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা জাতীয় কমিটমেন্ট অর্জনের জায়গায় পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতনভাবেই এই কমিটমেন্টে স্বাক্ষর করেছেন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং দেশি-বিদেশি সব স্টেকহোল্ডারদের সাথে নিয়ে চক্ষু খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, গ্রুপ ওয়ার্ক এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। রাজশাহী বিভাগের এই ফ্রেমওয়ার্ক সফল হলে ভবিষ্যতে অন্যান্য বিভাগেও একই মডেলের মাধ্যমে কাজ সম্প্রসারণ করা সহজ হবে।

এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসিন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট (আই হেলথ) ডা. রাহুল আলী, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. তৌহিদুর রহমান, মহাসচিব অধ্যাপক সানি রেইন নিউটন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সৈয়দ মাহবুব উল কাদির প্রমুখ।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক