২৬ অক্টোবর, ২০২৬ ১২:২৩ পিএম

নির্যাতনের চিহ্ন নিয়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের চিকিৎসক’

নির্যাতনের চিহ্ন নিয়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের চিকিৎসক’
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল-রান্তিসিকে প্রায় চার মাস আটক রাখার পর মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী। ৭১ বছর বয়সী এই চিকিৎসক রোববার ওফার কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তাঁর শরীরে শারীরিক নির্যাতনের দৃশ্যমান চিহ্ন দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাঁকে শীর্ণ অবস্থায় দেখা যায়। তাঁর কপালে ছিল লাল ক্ষত।

দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া, ওষুধ সরবরাহ করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য ক্লিনিক পরিচালনার কারণে মাজেন আল-রান্তিসি ‘গরিবের চিকিৎসক’ হিসেবে পরিচিত।

গত ২১ জুন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় তাঁর বাড়িতে ভোররাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ফিলিস্তিনি অলাভজনক সংস্থা ইউনিয়ন অব হেলথ ওয়ার্ক কমিটিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

ইসরায়েলি হারেৎস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আল-রান্তিসি তাঁর আইনজীবীদের জানিয়েছিলেন, কারাগারে আটক অবস্থায় তিনি শারীরিক নির্যাতন ও চিকিৎসার অবহেলার শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, আটকের প্রথম ১০ দিন তাঁকে নিয়মিত ওষুধ দেওয়া হয়নি। এখনো একটি ওষুধ সরবরাহ করা হচ্ছে না।

আটক স্বাস্থ্যকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ

গাজার আল-আওদা হাসপাতালের পরিচালক ডা. আহমেদ মুহান্না অভিযোগ করেছেন, ফিলিস্তিনি চিকিৎসকদের বিশেষভাবে আটকের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং তাঁদের সঙ্গে কারাগারে নির্মম আচরণ করা হচ্ছে।

৬৬৫ দিন আটক থাকার পর গত জানুয়ারিতে মুক্তি পাওয়া মুহান্না জানান, আটক অবস্থায় তাঁর শরীরের ওজন প্রায় এক-তৃতীয়াংশ কমে গিয়েছিল। তাঁর ভাষ্য, কয়েকজন ফিলিস্তিনি বন্দি কারারক্ষীদের সামনে মারা গেছেন। এ ছাড়া আটক স্বাস্থ্যকর্মীদের অন্য বন্দিদের চিকিৎসাসেবা দিতেও বাধা দেওয়া হয়েছে, এমনকি সহিংস জিজ্ঞাসাবাদের সময় আহত ব্যক্তিদেরও তাঁরা সহায়তা করতে পারেননি।

হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচের (এইচডব্লিউডব্লিউ) ডা. রেবেকা ইংলিশ বলেন, প্রায় ১০০ জন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীকে আটক রাখার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, ইসরায়েলি হেফাজতে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের ব্যাপক প্রমাণ থাকায় আটক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন।

ইসরায়েলের হেফাজতে ৯৪ ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী

এইচডব্লিউডব্লিউর তথ্য অনুযায়ী, গাজা থেকে ৮০ জন এবং অধিকৃত পশ্চিম তীর থেকে ১৪ জনসহ মোট ৯৪ জন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী এখনো ইসরায়েলের হেফাজতে রয়েছেন। তাঁদের অধিকাংশকে হাসপাতাল কিংবা অ্যাম্বুলেন্স থেকে দায়িত্ব পালনরত অবস্থায় আটক করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে উত্তর গাজার হাসপাতালটি থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি বাহিনীর হাসপাতাল খালি করার নির্দেশ অমান্য করার পর তাঁকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তাঁকে অভিযোগ গঠন ছাড়াই আটক রাখা হয়েছে।

জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, আবু সাফিয়া অব্যাহত ও গুরুতর নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর পরিবার ও আইনজীবীরাও তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন থাকার কথা জানিয়েছেন।

ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর দিকে আবু সাফিয়া তাঁর আইনজীবীকে জানান, কারারক্ষীরা তাঁকে মারধর করেছেন এবং আটক অবস্থায় তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, তা প্রকাশ না করতে হুমকি দিয়েছেন।

আবু সাফিয়ার আইনজীবী ও সংশ্লিষ্ট সংস্থার ভাষ্য অনুযায়ী, কারারক্ষীরা হাত, পা ও লাঠি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত করেছেন।

নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৭০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ৩৬৪ জনকে আটক করা হয়েছে।

এইচডব্লিউডব্লিউ জানিয়েছে, আটক অবস্থায় ছয়জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বা নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাঁদের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এবং তাঁদের মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের আটক, তাঁদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনসংক্রান্ত উদ্বেগ অব্যাহত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও