গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ন্যাচারাল মেডিসিন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় শ্রমিকেরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় গণমাধ্যম সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এমআর/