১০ অক্টোবর, ২০২৬ ০১:০০ পিএম

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে পরীক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার(১০ অক্টোবর) সকাল ১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ও উত্তর ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জানান, অধিদপ্তর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা হবে।

পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

পরীক্ষা শুরুর মাত্র মিনিটখানেক আগে হঠাৎ বাতিল ঘোষণা করায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আসা চাকরিপ্রার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এর প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সাতমসজিদ রোড এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন পরীক্ষার্থীরা। প্রবেশপত্র হাতে নিয়ে তারা সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হঠাৎ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদ জানান।

এর আগে পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুতর অভিযোগ সামনে আসে। ছড়িয়ে পড়া এক স্ট্যাটাসে দাবি করা হয়, নিয়োগ পরীক্ষা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অধিদপ্তরের একজন কর্মকর্তা, তার আত্মীয় এবং অধিদপ্তরের একটি চক্র এ প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। প্রার্থীপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকার চুক্তিতে রাতভর বিভিন্ন স্থানে প্রশ্ন ও উত্তর পরীক্ষার্থীদের পড়ানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।

বিক্ষোভকারী পরীক্ষার্থীরা বলেন, প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। তাদের অভিযোগ, পরীক্ষা স্থগিত হওয়ায় তারা হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকে দূরদূরান্ত থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

পরীক্ষার্থীরা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করছেন। তারা বলেন, নিয়োগ পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এই পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। রাজস্ব খাতভুক্ত ২৪২টি পদে নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষায় সারা দেশ থেকে ৩ লাখেরও বেশি চাকরিপ্রার্থী অংশ নেওয়ার কথা ছিল।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রশ্নফাঁস
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক