০৯ অক্টোবর, ২০২৬ ১২:৪৩ পিএম
সোহরাওয়ার্দী মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত

মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান

মহানবীর আদর্শ অনুসরণে চিকিৎসাপেশায় নৈতিকতা-মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাপেশায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা, সময়ের সঠিক ব্যবহার ও জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা। তাঁরা বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ থেকে অর্জিত বিনয়, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা চিকিৎসাসেবাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন অডিটোরিয়ামে আয়োজিত সীরাত সেমিনারে এসব কথা বলেন তাঁরা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শায়খ শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সময়ের সঠিক ব্যবহার ও আত্মোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি রাতে দ্রুত ঘুমানো, ফজরে জাগ্রত হওয়া এবং নিয়মিত হাঁটাচলার মতো অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

প্রশ্নোত্তর পর্বে তিনি চিকিৎসাপেশা, ক্যারিয়ার ও চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফিকহি বিষয়ের ওপর আলোকপাত করেন।

বিশেষ আলোচক ছিলেন ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ার খতিব শায়খ মুফতি সাইফুল ইসলাম। তিনি তরুণ প্রজন্মের আদর্শ নির্ধারণে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সাময়িক মোহের পরিবর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-কে অনুসরণযোগ্য আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ ও সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটি–২০২৬-এর সভাপতি ডা. মো. আইনুল ইসলাম খান সীরাত সেমিনারকে কলেজের নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে আয়োজনের ঘোষণা দেন। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন ও অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ার মুন বলেন, সীরাত থেকে অর্জিত বিনয়, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি ও সিকেডি হাসপাতালের কিডনি ও ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মো. কামরুল ইসলাম সীমিত সম্পদের মধ্যেও সন্তুষ্ট থাকা, অর্থের প্রতি অতিরিক্ত আসক্তি পরিহার এবং যথাযথ জ্ঞান ও দক্ষতার মাধ্যমে মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটি–২০২৬ এর উদ্যোগ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত