০৮ অক্টোবর, ২০২৬ ১২:৪৪ পিএম
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র

ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ

ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বায়ুদূষণ, কর্মক্ষেত্রের ধুলা, অস্বাস্থ্যকর রান্নার পদ্ধতি ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দেশে মারাত্মকভাবে ফুসফুস রোগের ঝুঁকি বাড়ছে। শুধু হাসপাতাল নয়, কারখানার পাশাপাশি বাসাবাড়িতেও বাড়ছে এর প্রকোপ।

বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটরিয়ামে রেসপিরেটরি মেডিসিন বিভাগের বৈজ্ঞানিক সেমিনারে এই তথ্য উঠে এসেছে।

সেমিনারে দেশীয় গবেষণার তথ্য, আধুনিক চিকিৎসাপদ্ধতি, বিরল রোগ নির্ণয়, গবেষণা সম্প্রসারণ এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এতে জানানো হয়, ফুসফুসের সুস্থতা শুধু রোগমুক্ত থাকার বিষয় নয়, বরং জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে মানুষের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমান।

রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএইচএবি) সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও সিএইচএবির মহাসচিব অধ্যাপক ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন।

বিএমইউ ভিসি রেসপিরেটরি মেডিসিনে পড়াশোনার পরিবেশ আরও উন্নত করা, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করা এবং গবেষণা বাড়ানোর তাগিদ দেন। সেই সঙ্গে আশ্বাস দেন বিভাগের প্রয়োজনে সব ধরনের সহযোগিতার।

সভাপতির বক্তব্যে বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং বিভাগে নতুন নতুন আধুনিক চিকিৎসা পদ্ধতি (ইন্টারভেনশন) চালুর প্রতিশ্রুতি দেন অধ্যাপক ডা. শামীম আহমেদের। একই সঙ্গে গবেষণায় আর্থিক সহায়তা বাড়ানো এবং শিল্প খাতের সঙ্গে যৌথ কাজের সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার গবেষণার পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন আন্তর্জাতিক জার্নালে বিভাগের গবেষণা প্রবন্ধ প্রকাশের প্রশংসা করেন। বিভাগের চলমান কার্যক্রমে সন্তোষও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম।

বৈজ্ঞানিক অধিবেশনে বিভাগের ফেজ-বি রেসিডেন্ট ডা. মো. মাহমুদুর রহমান ‘ব্রিদিং নিউ নলেজ: রিসার্চ হাইলাইটস ফ্রম ডিপার্টমেন্ট অব রেসপিরেটরি মেডিসিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি’ শীর্ষক চৌধুরী বিভাগের ২১টি গবেষণার মূল ফলাফল তুলে ধরেন। এসব গবেষণা ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। 

এতে জানানো হয়, লালমনিরহাটের পাথর কাটার কারখানার শ্রমিকদের ৮৯ শতাংশের দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের উপসর্গ পাওয়া গেছে। রংপুরের চালকল শ্রমিকদের ৫২.৩ শতাংশের অন্তত একটি শ্বাসতন্ত্রের উপসর্গ ছিল, যেখানে ধুলার সংস্পর্শে না থাকা মানুষের মধ্যে এ হার ১৭.৬ শতাংশ। গাজীপুরের কালিয়াকৈরে এক হাজার প্রাপ্তবয়স্কের মধ্যে ২২.৪ শতাংশের শ্বাসতন্ত্রের উপসর্গ ছিল; বেশি বয়স, ধূমপান ও প্রচলিত দূষণকারী রান্নার পদ্ধতি ছিল উল্লেখযোগ্য ঝুঁকির কারণ। হাসপাতালে সংক্রমিত নিউমোনিয়ার রোগীদের নমুনায় পাওয়া জীবাণুর ৮৭.৮ শতাংশ ছিল একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট)।

তিনি বলেন, কারখানা থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে হাসপাতালের ওয়ার্ড—সবখানে দেশের মানুষের ফুসফুস সুরক্ষায় দেশীয় গবেষণার তথ্যই পথ দেখায়।

ফেজ-বি রেসিডেন্ট ডা. তাসনিম আফরীন জ্যোতি বিভাগের বিরল ও ব্যতিক্রমী বিভিন্ন কেস উপস্থাপন করেন। শুধু সাধারণ রোগের কথা না ভেবে রোগনির্ণয়ের সময় এ ধরনের বিরল রোগের কথাও মাথায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রেসপিরেটরি মেডিসিন বিভাগের ফেজ-বি রেসিডেন্ট ডা. মেহনাজ আজিজ হোমার সঞ্চালনায় ফেজ-বি রেসিডেন্ট ডা. সাবিহা আফরীন তন্বী বিভাগের চলমান গবেষণাগুলো নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 

অক্সিজেন সরবরাহের নতুন যন্ত্রের সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মানাল মিজানুর রহমান।

বিশেষজ্ঞ আলোচকদের মধ্যে বিএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী মমতাজ উদ্দিন আহমেদ রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিরল ও ব্যতিক্রমী রোগের প্রতি বিভাগের বিশেষ মনোযোগকেও সাধুবাদ জানান তিনি।

থোরাসিক সার্জারির অধ্যাপক ও সিএইচএবির সহসভাপতি ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া চিকিৎসাবিজ্ঞানে গবেষণার ওপর গুরুত্বারোপ এবং বায়োমেডিকেল প্রকৌশলে গবেষণা বাড়ানোর তাগিদ দেন। 

অনুষ্ঠানে সকল অতিথিদের উপস্থিতিতে নার্সদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স "Nursing Module for Respiratory Emergency" এর মোড়ক উন্মোচন করা হয়।

রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজাশীষ চক্রবর্তী শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক