লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন আবেদন শুরু, চলবে ১০ নভেম্বর পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন শুরু হবে আট অক্টোবর। আবেদন করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দিতে হবে ১৬ নভেম্বরের মধ্যে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিএনএমসির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডাটাবেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং শুধু ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীরা লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগতভাবে কাউন্সিলে আবেদন গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত নিয়মে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
কোর্স ভিত্তিক রেজিস্ট্রেশন ফি জমা রশিদের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বিএসসি ইন নার্সিংয়ে জনপ্রতি ফি তিন হাজার টাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও সনদপত্রসহ মোট ফি চার হাজার ৫০০ টাকা।
আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নির্ধারিত নিয়মে জমা দিতে হবে। আবেদনকারীদের সব তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা না থাকলে নাগরিকত্ব সনদও দিতে হবে। সব ফটোকপি প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল দিয়ে সত্যায়িত করতে হবে। লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য জরুরি ফি গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এইউ/