০৩ অক্টোবর, ২০২৬ ০৮:৩২ পিএম

গণজমায়েতে তাপজনিত অসুস্থতা প্রতিরোধে নতুন নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গণজমায়েতে তাপজনিত অসুস্থতা প্রতিরোধে নতুন নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়া, ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক আয়োজনে বড় ধরনের গণজমায়েত হয়ে থাকে। এসব আয়োজনে বিপুল মানুষের সমাগম হওয়ায় তাপজনিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকি তৈরি হয়। এর মধ্যে রয়েছে হিট র‍্যাশ, হিট ক্র্যাম্প, হিট সিনকোপ, হিট এক্সহস্টশন ও হিট স্ট্রোক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা গণজমায়েতে তাপজনিত অসুস্থতার ঝুঁকি মোকাবিলায় নতুন নির্দেশনা প্রকাশ করেছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সময়মতো ঝুঁকি মূল্যায়ন, যথাযথ প্রস্তুতি এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এসব অসুস্থতার অধিকাংশ ঘটনা প্রতিরোধের পাশাপাশি ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া সম্ভব।

সংস্থাটির নতুন প্রমাণভিত্তিক পর্যালোচনায় ১৯৮০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রকাশিত গবেষণাগুলো বিশ্লেষণ করা হয়েছে। এতে গণজমায়েতে প্রায় ৫ লাখ চিকিৎসা-সংক্রান্ত ঘটনা পর্যালোচনা করা হয়। এর মধ্যে ২২ হাজারের বেশি ছিল তাপজনিত অসুস্থতার ঘটনা।

পর্যালোচনায় দেখা গেছে, গণজমায়েতে যথাযথভাবে সংগঠিত অন-সাইট চিকিৎসা ব্যবস্থা থাকলে ৯০ শতাংশের বেশি রোগীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া সম্ভব। এতে স্থানীয় হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সেবার ওপর অতিরিক্ত চাপ কমানো যায়।

গণজমায়েতে কেন বাড়ে তাপজনিত অসুস্থতার ঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দীর্ঘ সময় খোলা জায়গায় অবস্থান, তীব্র গরম ও সূর্যের সংস্পর্শ, ঘনবসতিপূর্ণ ভিড়, নিরাপদ পানির সীমিত সুযোগ এবং ভ্রমণজনিত শারীরিক চাপ গণজমায়েতে তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে।

এর সঙ্গে স্থানীয় আবহাওয়ার সঙ্গে অপরিচিতি এবং একই সময়ে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার প্রয়োজন হওয়ায় স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

হু হেলথ ইমার্জেন্সিজ প্রোগ্রামের নির্বাহী পরিচালক ড. চিকওয়ে ইহেকওয়াজু বলেন, অতিরিক্ত তাপ গণজমায়েতের স্বাস্থ্য, নিরাপত্তা ও আয়োজনের ধারাবাহিকতার জন্য ক্রমবর্ধমান হুমকি। তাই তাপকে শুধু পরিবেশগত ঝুঁকি হিসেবে না দেখে আয়োজনের ব্যবস্থাপনা ও প্রশাসনিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, শুধু ব্যক্তিগত আচরণের ওপর নির্ভর করে এই ঝুঁকি মোকাবিলা করা যাবে না। ঝুঁকি মূল্যায়ন, প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়ার সমন্বিত ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

বাড়ছে মৃত্যুঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের তুলনায় তাপজনিত মৃত্যুর আনুমানিক হার ৬৩ শতাংশ বেড়েছে। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ৫ লাখ ৪৬ হাজার মানুষ তাপজনিত কারণে মারা গেছেন।

আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেলের তথ্য অনুযায়ী, ১৯৫০-এর দশকের পর থেকে বিশ্বের অধিকাংশ স্থলভাগে তাপপ্রবাহসহ চরম উষ্ণতার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়েছে। ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতা যত বাড়বে, এসব চরম তাপমাত্রার ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

যেসব ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গণজমায়েতে তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে একাধিক ব্যবস্থা একসঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে রয়েছে—সহজে প্রবেশযোগ্য ও নিরাপদ পানির ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট ও স্যানিটেশন সুবিধা, প্রয়োজনীয় কুলিং বা শীতলীকরণ অবকাঠামো, তাপমাত্রা ও ঝুঁকি বিবেচনায় অনুষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন।

এছাড়াও কার্যকর ভিড় ও জনস্রোত ব্যবস্থাপনা, কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য তাপ থেকে সুরক্ষার ব্যবস্থা, দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য জনসচেতনতামূলক বার্তা, রিয়েল-টাইম স্বাস্থ্য নজরদারি, প্রস্তুতিসম্পন্ন অন-সাইট চিকিৎসা ব্যবস্থা এবং পুরো আয়োজনকে তাপঝুঁকি ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা। 

ভেন্যুর নকশা, ভিড় ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন, পরিবহন, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং কর্মীদের ব্যবস্থাপনাও দর্শক ও অংশগ্রহণকারীদের নিরাপদ পানি, শীতল পরিবেশ এবং দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগকে প্রভাবিত করে।

সংস্থাটি বলছে, অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত পুরো সময় জুড়ে তাপঝুঁকি ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করা উচিত। একই সঙ্গে এটিকে বৃহত্তর জরুরি প্রস্তুতি ও বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলার পরিকল্পনার অংশ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকার, আয়োজক এবং সংশ্লিষ্ট অংশীদারদের গণজমায়েতের স্বাস্থ্য পরিকল্পনা, প্রস্তুতি ও কার্যক্রমের মধ্যে তাপঝুঁকি ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও