০১ অক্টোবর, ২০২৬ ০৩:২২ পিএম

হিসাববিজ্ঞানে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ঢাবির নাহিদ

হিসাববিজ্ঞানে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ঢাবির নাহিদ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞানে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাহিদ আহমেদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘যাই হোক, ভেবেছিলাম কিছু লিখবো না! কিন্তু সবার কল এবং ম্যাসেজের কারণে লিখতে বাধ্য হচ্ছি। ৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে ১ম হয়েও আমার গেজেট হয়নি। কী কারণে তা আমি জানি না!’

তিনি আরও লেখেন, ‘ক্যাম্পাসের এবং গোপালগঞ্জের যারা আমাকে চিনেন, তারা আমার রাজনৈতিক ফিরিস্তি কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। ধন্যবাদ!’

জানা গেছে, শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞান বিভাগে প্রথম হওয়া নাহিদ আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ থেকে স্নাতক (বিবিএ) এবং ২০২১ সালে একই বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন। এর আগে তিনি ২০১৪ সালে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনকে সাময়িকভাবে সুপারিশ করলেও চূড়ান্ত প্রজ্ঞাপনে ৬১১ জনের নাম প্রকাশ করে। এতে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন মোট ৫৭ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়া ১০ জন এবং পিএসসি কর্তৃক বহিষ্কৃত ২ জন বাদে বাকি ৪৫ জন নিয়োগযোগ্য প্রার্থী মূলত ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভেরিফিকেশনে বাদ পড়া এই ৪৫ জন চাকরিপ্রার্থীর মধ্যে অর্ধেকের বেশিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির অন্তত ১৫ জন প্রার্থীর নাম জানা গেলেও ভুক্তভোগীদের তথ্যমতে এই সংখ্যা ৩০ থেকে ৩৫ জনে পৌঁছাবে।

এদের মধ্যে ইতিহাস বিভাগে প্রথম হওয়া সোহেল রানা, সমাজকল্যাণে প্রথম আব্দুল্লাহ আল মামুন বেলাল, ইসলামিক স্টাডিজে প্রথম মো. জাহিদুল ইসলাম নাঈম, ফিন্যান্সে পঞ্চম মো. নূরনবী শেখ ও প্রাণিবিদ্যায় ১৪তম নাজমুল হোসাইন প্রান্তসহ শীর্ষ মেধাবীদের অনেকেরই জায়গা হয়নি গেজেটে।

বাদ পড়া প্রার্থীদের বড় অংশই কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার দাবি করেছেন, এমনকি অনেকে জুলাই আন্দোলনে সক্রিয় থাকার পরও এমন বঞ্চনার শিকার হয়েছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত