পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন তিসি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি জনস্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় মালামাল লুটের পর ভারী যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকেই সংসদ সদস্য মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এ বিষয়ে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির ভূমিকা তদন্তাধীন রয়েছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনার জেরে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী সরাসরি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন। তবে শুরু থেকে এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা ছিল না দাবি করে করেন মিষ্টি।
জেএইচ/