হৃদযন্ত্রের সামান্যতম অস্বাভাবিক সংকেতেও অবহেলা নয়: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে হৃদরোগেই সর্বাধিক প্রাণহানি ঘটে উল্লেখ করে হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই এবং সেই সচেতনতাকে বাস্তব জীবনে কার্যকর করা এখন সময়ের দাবি।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রায় সবাই সচেতনতার গুরুত্ব বুঝি, কিন্তু দৈনন্দিন জীবনে তা মেনে চলার ক্ষেত্রে গাফিলতি করি। হৃদরোগের ক্ষেত্রে এই অবহেলা মারাত্মক ঝুঁকি ডেকে আনে। তাই হৃদযন্ত্রের সামান্যতম অস্বাভাবিক সংকেত দেখলেই তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনসচেতনতাই মূল হাতিয়ার।
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
জেএইচ/