র্যাব বিলুপ্ত করে পুলিশের নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’ গঠন
মেডিভয়েস রিপোর্ট: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত ঘোষণা করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে যাত্রা শুরু করেছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’।
মঙ্গলবার (১৫ আগস্ট) এ সংক্রান্ত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২০২৬’ আইনের প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশের মাধ্যমে বিলুপ্তির এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।
গেজেটের তথ্য অনুযায়ী, নতুন আইন কার্যকর হওয়ার সাথে সাথেই আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর অধীন র্যাব গঠন সংক্রান্ত বিধানগুলো রহিত হয়েছে। তবে অর্ডিন্যান্সটির ১৪ নম্বর ধারায় প্রণীত ‘র্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা-২০০৫’ বহাল থাকবে।
এর ফলে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে পূর্বে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা কিংবা চলমান আদালতের কোনো কার্যধারা বাতিল হবে না; সেগুলো যথারীতি বহাল ও কার্যকর থাকবে।
নতুন আইনের আওতায় র্যাবের জনবল, ক্ষমতা, আদেশ, কর্তৃত্ব এবং বিদ্যমান সুযোগ-সুবিধা তাৎক্ষণিকভাবে এসআরবিতে ন্যস্ত করা হয়েছে। একই সাথে বাহিনীর সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ অর্থ, ব্যাংক তহবিল, হিসাবের বই, চুক্তি ও দায়সহ যাবতীয় আর্থিক ও প্রশাসনিক সম্পদ নতুন ইউনিটের কাঠামোর অধীনে স্থানান্তর করা হয়েছে।
এর মাধ্যমে র্যাব বিলুপ্ত হয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে দায়িত্ব পালন শুরু করল এসআরবি।
জেএইচ/