কক্সবাজার মেডিকেল কলেজে ডেঙ্গু সচেতনতায় আলোচনা সভা
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায়, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজের একাডেমিক ভবনের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসমাইল।
এ সময় ইনফেকশাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাহান নাজির বলেন, ‘ডেঙ্গু রোগী খারাপ হওয়ার মূল কারণ হলো রোগীর হাসপাতালে দেরিতে আসা।’
তিনি বলেন, ডেঙ্গুর কোনো প্রতিরোধমূলক ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও সতর্কতার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মুহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি পর্যাপ্ত তরল গ্রহণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক বলেন, ‘ডেঙ্গুর মহামারি রোধে আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, সেবাদাতা, সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের ডা. রুপস পাল, কমিউনিটি মেডিসিন বিভাগের ডা. এলি প্রু, ফরেনসিক মেডিসিন বিভাগের ডা. শাহীন আব্দুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এমআর/